Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর ২০০৯, ১৭ পৌষ ১৪১৬, ১৩ হররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সুপারিশ মানছে না বাণিজ্য মন্ত্রণালয় : সংসদীয় কমিটি হতাশ

সংসদ রিপোর্টার
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের কার্যক্রমে সন্তুষ্ট নয় বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এছাড়া গত ১ বছরে সংসদীয় কমিটির অনেক সুপারিশ মন্ত্রণালয় কর্তৃক উপেক্ষিত হওয়ায় হতাশা প্রকাশ করেছে কমিটি।
গতকাল সংসদ সচিবালয়ে বৈঠক শেষে কমিটির সভাপতি অ্যাডভোকেট লুত্ফুল হাই সাচ্চু এ হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, সিন্ডিকেটের মাধ্যমে অসাধু ব্যবসায়ীরা যাতে জিনিসপত্রের দাম বাড়াতে না পারে সেজন্য মন্ত্রণালয়কে সতর্ক থাকতে হবে। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ বিল বাস্তবায়ন হলে জনগণ সরাসরি তাদের অভিযোগ জানাতে পারবে।
বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার কারণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং কমিটির ভূমিকা, বিশ্ববাণিজ্য সংস্থার ৭ম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের ভূমিকা এবং ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-কে সময়োপযোগী প্রতিষ্ঠানে পরিণত করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয় যে, নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্য বিশেষ করে পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল স্থানীয় উত্পাদনের মাধ্যমে চাহিদা মেটানো সম্ভব না হওয়ায় আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম বাড়ায় স্থানীয় বাজারে এর প্রভাব পড়েছে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়। টিসিবিকে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে সম্পূর্ণ সরকারি মালিকানাধীন স্বনিয়ন্ত্রিত ব্যবস্থাপনায় পরিচালিত কোম্পানিতে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য গঠিত কমিটির প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। টিসিবিকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড (টিসিবিএল) প্রতিষ্ঠা করা হলে জনকল্যাণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও বাজার স্থিতিশীল রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বৈঠকে জানানো হয়। বৈঠকে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী ফারুক খান, মোঃ আবুল কাশেম, রুমানা মাহমুদ এবং শেখ আফিল উদ্দিন উপস্থিত ছিলেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?