Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর ২০০৯, ১৭ পৌষ ১৪১৬, ১৩ হররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

উত্তরা ও পূর্বাচলে চতুর্থ দফা প্লট বরাদ্দ : এমপি মন্ত্রী সবাই প্লট পেয়েছেন

স্টাফ রিপোর্টার
রাজউক উত্তরা (তৃতীয় পর্ব) এবং পূর্বাচল প্রকল্পে আবেদনকারী সব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য প্লট বরাদ্দ পেয়েছেন। গতকাল প্রকল্প দুটির চতুর্থ দফা প্লট বরাদ্দ প্রক্রিয়ায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য কিংবা সমমর্যাদার আবেদনকারী ১৪৩ জনের সবাই প্লট বরাদ্দ পান। প্লট বরাদ্দপ্রাপ্ত সংসদ সদস্যদের মধ্যে বেশিরভাগই সরকারদলীয়। এ কোটায় আবেদনকারী বেশিরভাগই উত্তরা প্রকল্পের প্লট পেয়েছেন।
মন্ত্রী, প্রতিমন্ত্রী, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি ও এমপিদের কোটায় তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান ও প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী প্রত্যেকে ১০ কাঠার প্লট বরাদ্দ পেয়েছেন। বিএনপির সংসদ সদস্যদের মধ্যে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, এবিএম আশরাফউদ্দিন নিজাম, রেহানা আক্তার রানু, জামায়াতে ইসলামীর এএইচএম হামিদুর রহমান আযাদ প্লট পেয়েছেন। ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের মাইনউদ্দিন আহমেদ বাদল ও সিলেট সিটি মেয়র বদরউদ্দিন কামরানও এ কোটায় প্লট পেয়েছেন।
গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল উত্তরা (তৃতীয় পর্ব) ও পূর্বাচল নতুন শহর প্রকল্পের চতুর্থ দফায় প্লট বরাদ্দ দেয়া হলো। অন্যদের মধ্যে সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিজীবী, সশস্ত্র বাহিনী, অবসরপ্রাপ্ত সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, প্রাইভেট প্র্যাকটিশনার ও ডাক্তারদের প্লট বরাদ্দ দেয়া হয়। পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২ হাজার ৭৬২টি ও উত্তরা তৃতীয় পর্বে ৩৫৪টিসহ গতকাল মোট ৩ হাজার ১১৬টি প্লট বরাদ্দ দেয়া হয়। তবে সাংবাদিকদের জন্য সংরক্ষিত প্লটের বাকি ৫০ শতাংশ (৫৫টি) প্লট এবং রাজউক ও সরকারের সংরক্ষিত প্লটগুলো এখনও বরাদ্দ দেয়া হয়নি।
মন্ত্রী, প্রতমন্ত্রী, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি ও এমপিদের শতভাগ, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিজীবী ও সশস্ত্র বাহিনী কোটায় বয়স ও বেতন কাঠামোর ওপর ভিত্তি করে প্লট বরাদ্দ দেয়া হয়।
উত্তরা নতুন শহর প্রকল্পে মন্ত্রী, এমপি ও প্রতিমন্ত্রী সমমর্যাদার কর্মকর্তাদের ৮৩টি ও পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে। সরকারি কর্মকর্তাদের মধ্যে পূর্বাচলে ১ হাজার ৬৩২টি ও উত্তরা তৃতীয় পর্বের ১৬২টি প্লট বরাদ্দ দেয়া হয়। এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিজীবীদের পূর্বাচলে ৬৯২টি, উত্তরায় ৬৯টি, সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পূর্বাচলে ১১৪টি ও উত্তরায় ১০টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে। অবসরপ্রাপ্ত সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পূর্বাচলের ৫৭টি ও উত্তরায় ৪টি এবং অন্য ক্যাটাগরিভুক্ত প্রাইভেট প্র্যাকটিশনার ও ডাক্তারদের পূর্বাচলে ২০৭ ও উত্তরায় ২৬টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে।
রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী নূরুল হুদার সভাপতিত্বে প্লট বরাদ্দ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপূর্ত ও গৃহায়ণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান। এর আগে তিন দফায় উত্তরা তৃতীয় পর্ব ও পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দ করা হয়। এ দুটি প্রকল্পে মোট প্লটের সংখ্যা ৬ হাজার ৭টি। এ প্লটের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৫৭ হাজার।
ঢাকায় প্লট কিংবা ফ্ল্যাট থাকার পরেও নতুন করে প্লট বরাদ্দ পেয়েছেন এ ধরনের সরকারি কর্মকর্তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়া হবে—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটা অনৈতিক। কারও বিরুদ্ধে এমন অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করে সাংবাদিক কোটার বাকি প্লটগুলো বরাদ্দ দেয়া হবে বলেও প্রতিমন্ত্রী জানান।
উল্লেখ্য, পূর্বাচল নতুন শহর প্রকল্প ও উত্তরা তৃতীয় পর্বের প্লট বরাদ্দের জন্য গত ১৭ সেপ্টেম্বর প্রথম লটারির মাধ্যমে ১ হাজার ৭৭টি প্লট বরাদ্দ দেয়া হয়। এরপর ১০ অক্টোবর ১ হাজার ১৭৩টি ও ৪ নভেম্বর ২৮৩টি প্লট বরাদ্দ দেয়া হয়। এ পর্যন্ত মোট ৬ হাজার ৪টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?