Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর ২০০৯, ১৭ পৌষ ১৪১৬, ১৩ হররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

থার্টিফার্স্ট নাইটে উচ্ছৃঙ্খলতা রোধে অ্যাকশনে যাবে র্যাব

নাছির উদ্দিন শোয়েব
থার্টিফার্স্ট নাইটে বিশৃঙ্খলা হলেই অ্যাকশনে যাবে র্যাব। বর্ষবরণে উচ্ছৃঙ্খলতা ও অপ্রীতিকর ঘটনা রোধে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর ৮৪ পয়েন্টকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। নগরীতে দুই হাজার র্যাবসহ ১২ হাজার নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করবে। নগরীর বিভিন্ন স্থানে সাদা পোশাকে টহল দেবে প্রায় ৫শ’ গোয়েন্দা। প্রস্তুত থাকবে র্যাবের ডগস্কোয়াড আর অশ্বারোহী বাহিনী। ফাইভস্টার হোটেলসহ গুলশান-বনানীর অভিজাত এলাকার ক্লাবগুলো থাকবে কড়া নজরদারিতে। মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালাবে র্যাবের টহল টিম। চিহ্নিত স্থানে বসানো হবে ক্লোজ সার্কিট ক্যামেরা।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক বলেছেন, থার্টিফার্স্ট নাইটে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় নগরবাসী স্বর্তস্ফূতভাবে বিভিন্ন আনন্দ-উত্সবে অংশগ্রহণ করেন। এ আনন্দ-উত্সবের নামে কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তি নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্যবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং আইনশৃঙ্খলা অবনতির সৃষ্টি হতে পারে, যা অনভিপ্রেত। মহানগর পুলিশ কর্তৃক এ ধরনের কর্মকাণ্ড নিরুত্সাহিত করা হচ্ছে। নিজস্ব সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের অনুভূতিতে আঘাত করে এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, পটকাবাজি, আতশবাজি, বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালনা, রঙ ছিটানো, মাতলামি এবং অশোভন ও বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইংরেজি বর্ষবরণ কেন্দ্র করে অধিকাংশ অভিজাত হোটেলের কক্ষ আগে থেকেই বুকিং করা হয়েছে। ওইসব হোটেল রাতভর নাচ, গান ও উল্লাস করার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। হোটেল সোনারগাঁও, শেরাটন, রেডিসনসহ ফাইভস্টার হোটেল, ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, ধানমন্ডি ক্লাবসহ ভিআইপি ক্লাব ও বারে বর্ষবরণ উত্সব পালনের জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এসব হোটেলে বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা, বিদেশি নাগরিক ও উচ্চপর্যায়ের ব্যক্তিরা আনন্দ-উল্লাস করবেন। অভিজাত হোটেলে রাতভর চলবে নাচ-গানসহ নানা অনুষ্ঠান। ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা দামে টিকিট বিক্রি হচ্ছে অভিজাত হোটেলে। এসব টিকিট ক্রেতাদের বেশিরভাগই বিভিন্ন দূতাবাস ও বিদেশি নাগরিক।
মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, উচ্ছৃঙ্খলতা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে নগরীর ৮টি ক্রাইম ডিভিশনকে ৮টি সেক্টর হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ সন্ধ্যা ৭টার পর থেকে নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলবে পুলিশ। রাত ৮টার পর এসব এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে। থার্টিফার্স্ট নাইট সামনে রেখে সবচেয়ে স্পর্শকাতর কূটনৈতিক জোন গুলশান-বনানীর নিরাপত্তায় দেয়া হচ্ছে বেশি গুরুত্ব। গুলশানকে দুই ভাগে ভাগ করে ৬ জন এডিসির নেতৃত্বে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। স্পর্শকাতর এ এলাকার মহাখালী ক্রসিং, ব্যাপটিস্ট চার্চ, বনানী ১ নম্বর রোড, ১১ নম্বর রোড, ২৭ নম্বর রোড, এয়ারপোর্ট রোড ক্রসিং, নিকেতন ক্রসিং, ১ নম্বর গোলচত্বর, ২ নম্বর গোলচত্বর, ওয়ান্ডারল্যান্ড, ১ ও ২ নম্বর সার্কেলে ডিসিসি মার্কেট, ল্যান্ডভিউ মার্কেট, রব ম্যানশন, কাকলী ক্রসিং, বনানী বাজার, এমেকিস ক্লাব, হোটেল রেডিসন, হোটেল সেরিনা, গুলশান ক্লাব, গুলশান টাওয়ার, কানাডিয়ান ক্লাব, ব্রিটিশ ক্লাব, বারিধারা ব্রিজ, নদ্দা-কালাচাঁদপুর রোড, প্রগতি সরণি ক্রসিংয়ে মোতায়েন থাকবে পোশাকধারী পুলিশ।
থার্টিফার্স্ট নাইটে নিরাপত্তার দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, ধানমন্ডি ও রমনা এলাকা নিয়ে গঠিত ২ নম্বর সেক্টরকে দ্বিতীয় গুরুত্ব দিয়েছে মহানগর পুলিশ। ধানমন্ডির বিভিন্ন এলাকা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখ শাহবাগ ক্রসিং, দোয়েল চত্বর, চানখারপুল, জগন্নাথ হল ক্রসিং, টিএসসি, পলাশী, নীলক্ষেত ক্রসিং, ঢাকা কলেজ গেট, ব্রিটিশ কাউন্সিল, চারুকলা, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, আণবিক শক্তি কমিশন, দোয়েল চত্বর ও সরকারি কর্মচারী হাসপাতালের সামনে মোতায়েন করা হবে বিপুল সংখ্যক পুলিশ। এ এলাকায় ঢাবি ভিসির বাসভবন, সার্জেন্ট জহুরুল হক হল ও সরকারি কর্মচারী হাসপাতালের সামনে ৩টি স্ট্রাইকিং ফোর্স ছাড়াও ৪টি ভ্রাম্যমাণ বাহিনী প্রস্তুত থাকবে।
উত্তরা জোনকে তৃতীয় স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত করে এ এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে। উত্তরা ক্লাব, বিমানবন্দর এলাকায় নিয়মিত বাহিনীর বাইরে মোতায়েন থাকবে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) ২ প্লাটুন পুলিশ। এছাড়া শাহবাগ পুলিশ কন্ট্রোল রুমে প্রস্তুত থাকবে পিসিআরের ৪ প্লাটুন, এসটিএফের ২ প্লাটুন, পিওএমের ৪ প্লাটুন এবং এসএফের ২ প্লাটুন অতিরিক্ত পুলিশ। সব মিলিয়ে থার্টিফার্স্ট নাইটে উচ্ছৃঙ্খলতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ব্যাপক আয়োজন করেছে মহানগর পুলিশ।
এদিকে থার্টিফার্স্ট নাইট ঘিরে কিছু এলাকায় যানবাহন চলাচলে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ। আজ রাত ১০টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যানবাহনযোগে প্রবেশের জন্য শুধু তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা—ফিনিক্স রোড ক্রসিং, আমতলী ক্রসিং, কাকলী ক্রসিং, ডিওএইচএস বারিধারা ইউনাইটেড হাসপাতাল ক্রসিং এবং নতুনবাজার ক্রসিং ব্যবহার করা যাবে। ওই এলাকায় প্রবেশের ক্ষেত্রে অন্যসব ক্রসিং বন্ধ থাকবে। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের বেলায় শুধু শাহবাগ ক্রসিং, পুরনো হাইকোর্ট ক্রসিং, ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি গেট ক্রসিং এবং নীলক্ষেত ক্রসিং ব্যবহার করা যাবে। বাকি সব ক্রসিং এ সময় বন্ধ থাকবে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?