Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর ২০০৯, ১৭ পৌষ ১৪১৬, ১৩ হররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

প্রত্যাশা

পার হয়ে গেল আরও একটি বছর। ভালো-খারাপ মিলিয়ে ২০০৯ সাল ছিল ঘটনাবহুল। বছর শেষে প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব কষছেন সবাই। এক্ষেত্রে পিছিয়ে নেই নারী নেত্রীরাও। তারাও ভাবছেন অতীত থেকে শিক্ষা নিয়ে কীভাবে সামনের দিনগুলো শুরু করা যায়। সে প্রসঙ্গেই কথা হয় বিভিন্ন ক্ষেত্রের কয়েকজন নারীর সঙ্গে। সাক্ষাত্কার -তামান্না ইসলাম অলি

সবাই কথা বলুক নিজেদের অধিকার নিয়ে
আয়েশা খানম
চেয়ারম্যান, বাংলাদেশ মহিলা পরিষদ
২০০৯ সাল আমাদের জন্য ছিল অনেক আশাব্যঞ্জক। দীর্ঘ সংগ্রামের পর আমরা সবাই গঠন করেছি গণতান্ত্রিক সরকার। মন্ত্রিসভায় ৫ জন নারী সদস্য মনোনীত হয়েছেন। এ উপমহাদেশে এমন মন্ত্রিসভা এটাই প্রথম। এরই মধ্যে রাজনৈতিক পটভূমিতে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। নারীর ক্ষমতায়নের সূচনা হয়েছে। তবে এ পদক্ষেপগুলোকে স্থায়ীরূপ দিতে হবে।
এছাড়াও ২০০৯ সালে আমাদের সাফল্য কম নয়। বঙ্গবন্ধু হত্যার রায়ের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। হাইকোর্টের ঐতিহাসিক রায়ে এখন থেকে মাও হতে পারবেন সন্তানের একমাত্র অভিভাবক। এতে প্রতিষ্ঠিত হয়েছে মায়ের অধিকার। একজন নাগরিক হিসেবে ২০১০ সালে আমার প্রত্যাশা অনেক। ২০১০ সালে আমি প্রথমেই চাইব বঙ্গবন্ধু হত্যার বিচার কার্যকর হোক। তারপর বিডিআর হত্যাকাণ্ডের অপরাধী এবং যুদ্ধাপরাধীদের সুষ্ঠু বিচার। যেসব নারী উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তাদের দায়িত্ব ও কর্তব্য সুনির্দিষ্ট করে কাজের সুযোগ দেয়া উচিত।
সব কিছুর পরও বাংলাদেশে নারী সহিংসতা বহমান। নারীর বিরুদ্ধে সন্ত্রাস প্রতিরোধে প্রধান ভূমিকা সরকারের। পাশাপাশি পুরুষকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। অবশ্য এর সঙ্গে প্রশাসনিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংগঠন, নারী ও শিশু মন্ত্রণালয় এবং সর্বসাধারণকে এগিয়ে এসে সরকারকে সহযোগিতা করতে হবে। নারী উন্নয়নে বাজেট বরাদ্দ বাড়াতে হবে। নতুন বছরে আমি আরও চাই বিরোধী দল সংসদে আসুক। সবাই আলোচনায় বসুক। কথা বলুক যার যার অধিকার নিয়ে।

দেশকে দূষণ, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত করতে হবে
সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান নির্বাহী
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)
২০০৯ সাল সবকিছু মিলিয়ে ভালো ছিল। আমাদের বছর শুরু হয়েছিল নির্বাচিত সরকার দিয়ে, হাইকোর্টের মাধ্যমে রায় ও নির্দেশনা পেয়ে, যা এ যাবত্কালের সবচেয়ে বেশি ও বড় পাওয়া। তবে সরকার অনেক বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে। যেমন যেসব কারখানা জাহাজ নির্মাণ শিল্প আইন মানছে না, সেগুলো বন্ধ করে দেয়ার আদেশ দিয়েছেন কোর্ট। কিন্তু সে আদেশ অমান্য করে ৩৬ থেকে ৭০টি জাহাজ পরিবেশ দূষণকারী জাহাজ নির্মাণ শিল্পের আওতায় নির্মাণ করা হয়েছে। আমি মনে করি, নতুন বছরে সবারই অনেক কাজ। দেশকে দূষণ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত রাখতে হবে। কারণ দেশ ভালো থাকলে নারী ভালো থাকবে। আর নারী ভালো থাকলে পরিবেশ ভালো থাকবে। আর সব শেষে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মাত্র ক’দিন আগেই কোপেনহেগেন জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছিলেন অনেকেই। কিন্তু সম্মেলনে বাংলাদেশ তার কাজ জোরালোভাবে তুলে ধরতে পারেনি। কাজ এগোয়নি। অবশ্য কিছু পজেটিভ আশ্বাস পাওয়া গেছে।

২০১০ সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ
সেলিমা আহমেদ, চেয়ারম্যান
বাংলাদেশ উইমেন চেম্বার
আমার হিসেবে ২০০৯ সাল অনেক ভালো কেটেছে সবার। কারণ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি। আমাদের দেশে অনেক নীতি-নির্ধারণ হয় যার বেশিরভাগই বাস্তবায়িত হয় না। দেশ গঠনে চাই যথাযথ পরিকল্পনা, চাই একাত্মতা। আমি চাই, আমাদের দেশ দরিদ্র, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত হোক। নারীর প্রতি সহিংসতা দূর হোক। গত এক বছরে সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। অনেক কাজ এখনও বাকি। সাধারণ মানুষ এক বছর অনেক ধৈর্য ধরেছে। সরকারকে সবকিছু বুঝতে ও কাজ করতে সুযোগ দিয়েছে। এখন দরকার ফলাফল। তাই ২০১০ সাল সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ।

সিডও সনদ বাস্তবায়ন করতে হবে
নাসিমুন আরা হক মিনু
সভাপতি, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র
২০০৯ সাল সব মিলিয়ে ভালো গেছে। একটি নতুন রাজনৈতিক সরকার দেশ পরিচালনা করলো গোটা একটি বছর। সেই সরকার ১৯৯৭-এর নারী উন্নয়ন নীতি পুনর্বহাল ও বাস্তবায়নের বিরোধী নির্দেশনা দিয়েছে, যা নারীদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। কিন্তু এত কিছুর পরও নারী নির্যাতন কমছে না। যৌতুক, বাল্যবিবাহ, যৌন নির্যাতন, এসিড সন্ত্রাস, মাতৃমৃত্যু, ফতোয়া— এগুলো দিনে দিনে বেড়েই চলেছে। তাই নারীর প্রতি বৈষম্য দূর করতে হবে। বাস্তবায়ন করতে হবে সিডও সনদ। সিডও সনদের সঙ্গে বাংলাদেশের আইনের সামঞ্জস্য করে তা বাস্তবায়ন করতে হবে। তবেই নারী উন্নয়ন সম্ভব। এছাড়া নারীর আর্থিক উন্নতির জন্য তার স্বামী ও বাবার সম্পত্তির পূর্ণ অধিকার নিশ্চিত করতে হবে। নতুন বছরে এটাই আমার প্রত্যাশা।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?