সংবাদ সম্মেলন : আবার আন্দোলনে যাচ্ছে নিপ্পন গার্মেন্টস-এর শ্রমিকরা
স্টাফ রিপোর্টার, টঙ্গী
কারখানা চালুসহ ৫ দফা দাবি নিয়ে আবার মাঠে নামছে টঙ্গীর নিপ্পন গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা। গতকাল টঙ্গী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিপ্পনের শ্রমিকরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। আগামী ২ ও ৩ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টঙ্গী প্রেসক্লাবের সামনে দুইদিনের অবস্থান কর্মসূচি ঘোষণা দেয়া হয়। ২৯ ডিসেম্বর বিজিএমইএ কার্যালয়ে অনুষ্ঠিতব্য ত্রিপক্ষীয় সমঝোতা বৈঠক ব্যর্থ হলে ৩ জানুয়ারি কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও জাগো বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সহযোগিতায় নিপ্পনের শ্রমিকরা গতকাল এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি হাসান মোল্লা, সাধারণ সম্পাদক আবদুর রশিদ ভূঁইয়া, জাগো বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান বাহার, নিপ্পনের শ্রমিক নেত্রী আমেনা বেগম, হাজেরা বেগম, গার্মেন্ট শ্রমিক নেতা আসম জাকারিয়া, ডা. আবুল কাশেম, শেকানুল ইসলাম শাহী, আবুল খায়ের, ফাতেমা বেগমসহ নিপ্পনের শতাধিক শ্রমিক এবং পুলিশের গুলিতে নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আবদুর রশিদ ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশের পরও নিপ্পনের হতাহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আজও রিপোর্ট পেশ করেনি। এখনও হতাহতদের পরিবারকে কোনো ক্ষতিপূরণ দেয়া হয়নি। অপর দিকে ন্যায্য পাওনা পরিশোধ এবং কারখানা চালুর ব্যাপারে বিজিএমইএ ও মালিকপক্ষ বারবার আশ্বাস দিয়েও অহেতুক কালক্ষেপণ করে চলেছে।
-
শেষের পাতা


সাধারণ বিভাগ
আবহাওয়া

