Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

ভালো কাজ করতে গিয়ে বাধা পাচ্ছি : মেয়র মহিউদ্দিন

চট্টগ্রাম ব্যুরো
সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, সব ভালো কাজেই আমি বাধা পাচ্ছি। একটি বিশেষ মহল চট্টগ্রামের উন্নয়নে পদে পদে বাধা সৃষ্টি করছে। তিনি গতকাল সিটি কর্পোরেশনের আবদুস সাত্তার মিলনায়তনে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির (চমেসাস) বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব-প্রতিশ্রুতি অনুযায়ী চট্টগ্রাম মহানগরীকে সম্প্রসারণ করার উদ্যোগ নিয়েছি। চট্টগ্রামের উন্নয়নবিদ্বেষী একটি বিশেষ মহল বিনা কারণে এর বিরোধিতা করছে। চট্টগ্রাম বন্দরের কথা উল্লেখ করে তিনি বলেন, বন্দরের উন্নয়নেও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।
চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশ নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করে মেয়র বলেন, সীতাকুণ্ড উপকূলে আধুনিক পদ্ধতির পরিবর্তে মান্ধাতার আমলের পদ্ধতিতে জাহাজ কাটার কারণে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। শিপ ইয়ার্ডের জন্য নির্বিচারে গাছ কেটে পরিবেশ ধ্বংস করা হচ্ছে। যারা এসব করছে তাদের কোনো শাস্তি হচ্ছে না। নগরীতে ব্যাপকহারে পাহাড়কাটা ও পুকুর ভরাটের ফলে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশও ভারসাম্য হারাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়ায় পূর্ণাঙ্গ ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জানিয়ে মেয়র বলেন, ভালো বেতন না দিলে সাংবাদিকদের কাছ থেকে ভালো কাজ পাওয়া যাবে না। বর্তমান দুর্মূল্যের বাজারে তাদের অনেক কষ্ট স্বীকার করে কাজ করতে হচ্ছে। মেয়র সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
চমেসাসের এডহক কমিটির সভাপতি সমবায় কর্মকর্তা বাবুল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সাধারণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসুল হক হায়দরী, সাধারণ সম্পাদক মোঃ শাহনওয়াজ, বিএফইউজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শামসুদ্দিন হারুন, নির্বাহী সদস্য ইসকান্দর আলী চৌধুরী, জেলা সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
এর আগে চমেসাসের আগামী ৩ বছরের জন্য নির্বাচিত কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন রিটার্নিং অফিসার আবুল কালাম আজাদ। কমিটির ৬ সদস্যের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চমেসাসের নবনির্বাচিত কর্মকর্তারা হলেন সভাপতি ওসমান গণি মনসুর, সহ-সভাপতি শামসুদ্দিন হারুন, সাধারণ সম্পাদক মোঃ শাহনওয়াজ, কোষাধ্যক্ষ মোখলেসুর রহমান ফরহাদী, নির্বাহী সদস্য মোঃ তোয়াহা ও মোঃ আরিফ মিয়া।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?