Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

জকিগঞ্জে প্রশাসনের বাধায় লংমার্চ : টিপাই বন্ধের ঘোষণা আনতে না পারলে দুর্বার আন্দোলন : চরমোনাই পীর

জকিগঞ্জ প্রতিনিধি
ভারতের টিপাইমুখ বাঁধ প্রকল্প বন্ধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে তিন দিনব্যাপী লংমার্চের প্রায় ২৫শ’ গাড়ির বহর গতকাল জকিগঞ্জের আটগ্রাম এলাকায় পৌঁছলে প্রশাসন বাধা দেয়। দুপুর ১২টায় আটগ্রাম বাসস্টেশন সংলগ্ন মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইর পীর মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম বলেন, ১০ জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন। সেখানে তাকে বাংলাদেশের পক্ষে টিপাইমুখ বাঁধ বন্ধের দাবি তুলে ধরতে হবে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছ থেকে টিপাইমুখ বাঁধ বন্ধের ঘোষণা আনতে ব্যর্থ হলে পরবর্তীকালে যে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে তা সরকার পতনের আন্দোলনে রূপ নেবে। বর্তমান সরকারের ভারত তোষণের তীব্র সমালোচনা করে তিনি বলেন, সরকার ও সরকারের মন্ত্রীরা ভারতের হয়ে কথা বলছেন। তারা ভারতের স্বার্থ রক্ষায় ব্যস্ত। দেশের ১৫ কোটি জনগণ জানতে চায় টিপাইমুখ বাঁধ আন্তর্জাতিক পানি বণ্টন আইনের কোন ধারায় পড়ে? এদেশের মানুষকে বর্ষায় পানিতে ভাসিয়ে ও শুকনো মৌসুমে পানি শূন্যতায় মারতে চায় ভারত। তিনি সরকারের শিক্ষানীতির সমালোচনা করে বলেন, ইসলামপ্রিয় জনতার দেশে শিক্ষানীতি প্রণয়ন কমিটির প্রধান করা হয়েছে নাস্তিককে। তারা ইসলামী শিক্ষা বাদ দিয়ে ললিতকলা ও মূর্তি বানানোর শিক্ষাকে সিলেবাসভুক্ত করছে। সরকার একইভাবে তেল-গ্যাসসম্পদ রক্ষায়ও ব্যর্থ। তিনি সরকারের যাবতীয় অপকর্মের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম ও কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক কেএম আতিকুর রহমানের যৌথ পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মুফতি সৈয়দ ফয়জুল করিম, মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, ডা. মোক্তার হোসেন, লংমার্চ বাস্তবায়ন কমিটির মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক বেলায়েত হোসেন, শিক্ষা সংস্কৃতি সম্পাদক মাওলানা কেফায়েতুল্লাহ, দফতর সম্পাদক মাওলানা ইমতিয়াজ আলম. প্রশিক্ষণ সম্পাদক মকবুল হোসেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি বরকত উল্লাহ লতিফ, টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধ শহিদুল ইসলাম কবির, মাওলানা আতাউর রহমান আরিফি, নাজির আহমদ, মাওলানা মখলিছুর রহমান, বেলাল আহমদ ইমরান। স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওলানা আবদুল গনি।
লংমার্চ উপলক্ষে সকাল ৭টা থেকে র্যাব, বিডিআর, পুলিশ, দাঙ্গা পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন তত্পর হয়ে ওঠে। জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হাই আল মাহমুদসহ প্রশাসনের কর্মকর্তারা সদা ছিলেন তত্পর। সকাল ১১টায় সিলেট থেকে লংমার্চকারীরা গাড়ির বহর নিয়ে অর্ধলক্ষাধিক মানুষসহ টিপাইমুখ বাঁধ অভিমুখে রওনা হলে আটগ্রামে পৌঁছে আর অগ্রসর হতে পারেনি। প্রশাসনের আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী এখানে লংমার্চকে বাধা দেয়। ফলে হাজার হাজার গাড়ি ও স্থানীয় জনতার ভিড়ে আটগ্রাম এলাকার সিলেট-জকিগঞ্জ সড়ক যোগাযোগ ৩ ঘণ্টা বন্ধ ছিল।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?