Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

দেশ-বিদেশের ১৭ গুণীজনকে বাংলা একাডেমীর ফেলোশিপ প্রদান : গুণীদের সম্মান জানিয়ে আমরা গর্বিত : কবীর চৌধুরী

স্টাফ রিপোর্টার
বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশ-বিদেশের ১৭ জন বরেণ্য ব্যক্তিকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করেছে বাংলা একাডেমী। গতকাল বাংলা একাডেমী প্রাঙ্গণে আয়োজিত একাডেমীর বার্ষিক সাধারণ সভায় এ ফেলোশিপ দেয়া হয়। এদিন সকালে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠ এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় বার্ষিক সাধারণ সভার কার্যক্রম। সভায় বাংলা একাডেমীর ২০০৮-০৯ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান এবং ২০০৯-১০ সালের বাজেট অবহিত করেন সচিব মোঃ আলতাফ হোসেন। সভায় বাংলা একাডেমীর ১৩৭৫ জন সম্মানিত ফেলো, জীবনসদস্য ও সাধারণ সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যবৃন্দ সভায় বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন এবং তাদের প্রশ্নের উত্তর দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। একপর্যায়ে সভাপতির সাময়িক অনুপস্থিতিতে সভাপতির দায়িত্ব পালন করেন বিশিষ্ট কবি সৈয়দ শামসুল হক এবং অধ্যাপক মনিরুজ্জামান।
ফেলোশিপপ্রাপ্ত প্রত্যেককে সম্মাননা স্মারক ও সম্মাননাপত্র তুলে দেন বাংলা একাডেমীর সভাপতি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী এবং একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। আজীবন সাহিত্য-সাধনার স্বীকৃতিস্বরূপ কবি নুরুল ইসলাম কাব্যবিনোদ, ভাষা আন্দোলনের ঐতিহাসিক চিত্র ধারণের জন্য আলোকচিত্র শিল্পী আমানুল হক, ভাষা সংগ্রাম ও চিত্রশিল্পে শিল্পী ইমদাদ হোসেন, ভাষা সংগ্রামে অধ্যাপক এবিএম আবদুল লতিফ মিয়া, সাংবাদিকতায় সাংবাদিক এবিএম মূসা, ভাষা আন্দোলনে ভাষা-সৈনিক রওশন আরা বাচ্চু, ভাষা আন্দোলন, ইতিহাসচর্চা ও সাংস্কৃতিক আন্দোলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ভাষা সংগ্রাম ও স্বাধীনতা সংগ্রামে ব্যারিস্টার এম. আমির-উল-ইসলাম, সাংবাদিকতায় সাংবাদিক আতাউস সামাদ, ইতিহাস ও প্রত্নতত্ত্ব গবেষণায় মুহাম্মদ হাবিবুল্লা পাঠান, গ্রুপ থিয়েটার আন্দোলন ও অভিনয় শিল্পে ফেরদৌসী মজুমদার, অর্থনীতি ও বাংলাদেশের ইতিহাস রচনায় ড. আকবর আলি খান, প্রত্নসম্পদ সংগ্রহ ও সংরক্ষণে মোঃ আবদুস সামাদ মণ্ডল, দেশীয় উপাদানে নান্দনিক পোশাক ডিজাইনে বিবি রাসেল, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে ড. মোঃ মাহবুবর রহমান; বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চায় অধ্যাপক ক্লিনটন বুথ সিলি এবং বাংলা ভাষা, সাহিত্য-সংস্কৃতিচর্চা ও রবীন্দ্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. কাজুও আজুমাকে বাংলা একাডেমীর সম্মানসূচক ফেলোশিপ প্রদান করা হয়। সন্ধ্যায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভার সভাপতি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?