আজ নাট্যোত্সব শুরু
রশীদ মামুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ হলে আজ থেকে দৃষ্টিপাত নাট্য সংসদ আয়োজন করেছে পাঁচ দিনব্যাপী নাট্যোত্সবের। নাট্যদলটির প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে এ উত্সবের আয়োজন করা হয়েছে। আজ বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। রজত জয়ন্তী নাট্যোত্সবটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে আলোচনা করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। এ ছাড়াও আলোচনায় অংশ নেবেন ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস। উদ্বোধনী আলোচনা অনুষ্ঠানের পর নাট্যব্যক্তিত্ব ম. হামিদ এবং বরিশালের মেহেন্দীগঞ্জ থিয়েটারের নাট্যজন ও শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল করিম চৌধুরীকে সম্মাননা প্রদান করা হবে। নাট্যোত্সবের শুরুতে সুবচন নাট্য সংসদ রূপবতী নাটকটি প্রদর্শন করবে। পাঁচ দিনব্যাপী নাট্যোত্সবে ২৫ ডিসেম্বর দৃষ্টিপাত মঞ্চস্থ করবে ‘নাগর আলীর কিচ্ছা’, ২৬ ডিসেম্বর চট্টগ্রামের উত্তরাধিকার প্রদর্শন করবে ‘মন তার শঙ্খিনী’, ‘ইঙাল আধার পালা’, ২৭ ডিসেম্বর সিলেটের মণিপুরী থিয়েটার মঞ্চায়ন করবে। নাট্যোত্সবের শেষ দিন ২৮ ডিসেম্বর দৃষ্টিপাত নাট্য সংসদ ‘বিচারপতি ঘুমিয়ে গেছেন’ মঞ্চায়নের মাধ্যমে শেষ করবে তাদের রজত জয়ন্তী নাট্যোত্সব।


সাধারণ বিভাগ
আবহাওয়া


