Amardesh
আজঃ ঢাকা, সোমবার ২১ ডিসেম্বর ২০০৯, ৭ পৌষ ১৪১৬, ৩ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সুষ্ঠু পরিবেশ দাবি : সংসদের আগামী অধিবেশনেও যাচ্ছে না বিএনপি

স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনেও যোগ না দেয়ার আভাস দিয়েছে বিরোধী দল। সরকারি দলের আগ্রাসী আচরণে সংসদে যাওয়ার পরিবেশ আরও খারাপ হচ্ছে বলে অভিযোগ দলটির।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন গতকাল সংবাদ সম্মেলন করে বলেন, জিয়া পরিবারের বিরুদ্ধে সরকারের আক্রমণ ও রাজনৈতিক বৈষম্য শেষ না হলে সংসদ কার্যকর করা সম্ভব হবে না। সরকার দেশ চালাতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এমন কোনো সফলতা তারা খুঁজে পাচ্ছেন না, যা উদাহরণ হিসেবে দেখানো যায় উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ধৈর্যের পরিচয় দিচ্ছে। ধৈর্যের সীমা ভাঙলে তখন জনগণকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, ফজলুর রহমান পটল, হাবিব উন নবী খান সোহেল, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, তকদির হোসেন জসীম, এবিএম মোশাররফ হোসেন, রফিক সিকদার, শফিউল বারী বাবু প্রমুখ।
খোন্দকার দেলোয়ার বলেন, জনগণের দেয়া দায়িত্ব অনুযায়ী বিরোধী দলের সংসদ সদস্যরা জাতীয় সংসদে যোগ দিয়ে আইন প্রণয়নে গঠনমূলক ভূমিকা রাখতে চায়। বারবার বিরোধী দলের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করে সরকারকে অবহিত করা হলেও তাদের কোনো ইতিবাচক উদ্যোগ নেই। বরং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি দলের বিষোদগার চলছে। নতুন নতুন ষড়যন্ত্র হচ্ছে। পাঠ্যপুস্তক থেকে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের নাম মুছে দেয়া হচ্ছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বই থেকে জিয়াউর রহমানের নাম মুছতে বেশ ক’টি বই প্রত্যাহার করে নেয়া হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ নেতা ও মন্ত্রীদের প্রকাশ্য হুমকিতে গণমাধ্যম রক্তাক্ত হচ্ছে। সাংবাদিকদের জীবননাশের চেষ্টার মাধ্যমে সংবাদপত্রের গলাটিপে ধরার চেষ্টা চলছে। সাংবাদিকরা যেখানে হামলার শিকার হচ্ছে, সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা নিয়ে কে ভাববে? তিনি বলেন, বাস্তব তথ্য প্রকাশ করা সাংবাদিকদের অধিকার। এ অধিকার ক্ষুণ্ন হচ্ছে। এ অবস্থা জনগণকে বাকশালের কথা মনে করিয়ে দেয়।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সরকারের অপপ্রচারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, দলের কাউন্সিলররা তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন। এ বিষয়ে সরকারের সমালোচনা করা অনুচিত হয়েছে। দায়িত্ব পেয়ে তিনি কিভাবে ভূমিকা রাখবেন, সেটা নিয়ে দল ও দলের নেতাকর্মীদের বাইরে সরকারের নেতিবাচক কথা বলাটা অগণতান্ত্রিক ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। এর মাধ্যমে প্রমাণ হয়েছে সরকার জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার পাশাপাশি তারেক রহমানকেও ভয় পায়।
প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার বলেন, কারও চরিত্র হনন করা রাজনৈতিক শিষ্টাচার নয়। আমরা তা করতে চাই না। তবে কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে সে বিষয়ে যথাযথ তদন্ত হওয়া উচিত। দুর্নীতির সঙ্গে কে কতটুকু জড়িত তদন্তের মাধ্যমে সে দায় নির্ধারণ করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?