Amardesh
আজঃ ঢাকা, সোমবার ২১ ডিসেম্বর ২০০৯, ৭ পৌষ ১৪১৬, ৩ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

১০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি : নাটোরে আমার দেশ সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা কক্সবাজারে আবেদন খারিজ

স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহীর বিরুদ্ধে বিনা টেন্ডারে ৩৭০ কোটি টাকার কাজ দিয়ে ৫ মিলিয়ন ডলার ঘুষ নেয়ার অভিযোগের খবর প্রকাশিত হওয়ায় গতকাল নাটোরে এক আওয়ামী লীগ নেতা আমার দেশ সম্পাদক, সংশ্লিষ্ট রিপোর্টারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগ করেছেন এ খবর প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্টদের ১০ হাজার কোটি ডলার আর্থিক ক্ষতি করা হয়েছে। এ অভিযোগ আমলে নিয়ে বিচারক সমন জারি করেছেন। আগামী ২৩ ফেব্রুয়ারি সশরীরে সবাইকে হাজির হতে বলা হয়েছে।
অন্যদিকে কক্সবাজারে এক আওয়ামী লীগ নেতা দৈনিক আমার দেশ পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের আবেদন করলেও আদালত তা খারিজ করে দিয়েছেন।
গত ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার আমার দেশ পত্রিকায় বিনা টেন্ডারে ৩৭০ কোটি টাকা ব্যয়ে গ্যাস কম্প্রেসার স্থাপন এবং এ জন্য ঘুষ গ্রহণের অভিযোগ আনার প্রেক্ষিতে মন্ত্রণালয় ও পেট্রোবাংলার মধ্যে চিঠি চালাচালির ওপর ভিত্তি করে রিপোর্ট প্রকাশিত হয়।
নাটোর প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী সম্পর্কে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল সকালে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হানিফ আলী শেখ। আদালত শুনানি শেষে অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করে ২৩ ফেব্রুয়ারি সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার অপর ৩ অভিযুক্ত হলেন প্রকাশক হাসমত আলী, বার্তা সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদক।
কক্সবাজারে মামলার আবেদন খারিজ : কক্সবাজার প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহীর বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির প্রতিবেদন প্রকাশ করায় কক্সবাজারে এক আওয়ামী লীগ নেতা দৈনিক আমার দেশ পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের আবেদন করলেও আদালত তা খারিজ করে দিয়েছেন। কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আদালতের বিচারক মীর মোঃ এমতাজুল হক ‘মামলার বাদী প্রকাশিত সংবাদের সংক্ষুব্ধ পক্ষ নয়’ উল্লেখ করে তা খারিজ করে দেন। ওই মামলায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, প্রকাশক আলহাজ্ব মোঃ হাসমত আলী ও প্রতিবেদক আমার দেশ-এর বিশেষ প্রতিনিধি এম. আবদুল্লাহকে বিবাদী করা হয়েছিল।
আদালত সূত্র মতে, কক্সবাজার শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মামলাটি নথিভুক্ত করার আবেদন করলে তা শুনানি করা হয়। পরে বিকালে বিচারক তার চেম্বারে বসে মামলার আবেদনটি খারিজের আদেশ দেন।
মামলার আর্জিতে বলা হয়, দৈনিক আমার দেশ-এর ১৭ ডিসেম্বর সংখ্যার প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘তৌফিক-ই-এলাহী ও জয়ের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলার ঘুষ নেয়ার অভিযোগ’ শীর্ষক সংবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘নির্দোষ’ পুত্র সর্বোচ্চ ডিগ্রিধারী সজীব ওয়াজেদ জয় ও সরকারের জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহীসহ জ্বালানি বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার সমপরিমাণ ৫ মিলিয়ন ডলার ঘুষ গ্রহণের অভিযোগ তোলা হয়েছে। মার্কিন তেল কোম্পানি শেভরনকে বিনা টেন্ডারে ৩৭০ কোটি টাকার একটি কম্প্রেসার বসানোর কাজ দেয়ার বিনিময়ে এই উেকাচ গ্রহণ করা হয়েছে বলে সংবাদ পরিবেশন করা হয়েছে।
আর্জিতে দাবি করা হয়, পত্রিকায় উল্লিখিত কোনো ঘটনা সংঘটিত হয়নি এবং আসামিদের আনীত অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং জনগণের সামনে বর্তমান সরকারের জ্বালানি উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর ছেলের মান-সম্মান, খ্যাতি নষ্ট করার হীন প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?