Amardesh
আজঃ ঢাকা, সোমবার ২১ ডিসেম্বর ২০০৯, ৭ পৌষ ১৪১৬, ৩ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

শ্রমিক অসন্তোষের জের : কালিয়াকৈর ও সাভারে দুটি গার্মেন্ট বন্ধ ঘোষণা

কালিয়াকৈর ও সাভার প্রতিনিধি
শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকায় গত শনিবার সকালে একটি গার্মেন্ট ফ্যাক্টরির শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছে। এ সময় উত্তেজিত শ্রমিকরা ৩ দফা দাবি জানায়। পরে কারখানার কর্মকর্তারা অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেন। অপরদিকে সাভারের জামগড়া শিল্প এলাকার একটি গার্মেন্টে বাথরুম ব্যবহার নিয়ে দু’দল শ্রমিকের সংঘর্ষে ৫ জন আহত হলে কারখানা ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
কারখানার শ্রমিক, কর্মকর্তা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব চান্দরা এলাকার রফতানিমুখী এপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানায় স্পিনিং ও সুইং শাখার ফিলিসিটাস নামের বিদেশি কর্মকর্তা ওই শাখার ক’জন শ্রমিককে গত বৃহস্পতিবার বিকালে গালিগালাজ ও এক নারী শ্রমিককে মারধর করে। এ সময় অন্য শ্রমিকরা প্রতিবাদ জানালে গত শুক্রবার কারখানার কর্মকর্তারা সুইং শাখার আপারেটর আলী আকবার ও বুলবুলি নামের দুই শ্রমিককে ছাঁটয়ের নোটিশ দেয়। ওই ঘটনার জের ধরে শ্রমিকরা গত শনিবার সকাল ৮টা থেকে কর্মবিরতি পালন করে প্রধান গেটের সামনে সমবেত হতে থাকে। কারখানার সব শ্রমিক ছাঁটাইকৃত দুই শ্রমিককে কাজে পুনর্বহাল, মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধ ও চলতি মাসেই সব শ্রমিকের বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ সমাবেশ করতে থাকে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ, মৌচাক ফাঁড়ির পুলিশ ও আর্মড পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে নিয়ন্ত্র্ত্রণে নেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে কর্মকর্তারা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। কারখানা বন্ধের ঘোষণা শুনে শ্রমিকরা বিকাল ৪টার দিকে ওই স্থান ত্যাগ করে বাড়ি চলে যায়।
কারখানার জিএম সালাম চৌধুরী জানান, কাজের খামখেয়ালির জন্য দু’জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করে। কোনোভাবেই তাদেরকে কাজে যোগ দেয়ানো যায়নি বলেই উপায় না দেখে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মৌচাক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শ্রমিকরা যাতে উত্তেজিত হয়ে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে তার জন্য কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফ্যাক্টরি কর্তৃপক্ষ নিজেদের দোষ ধামাচাপা দিতে রোববার রাতে ফ্যাক্টরির জিএম প্রশাসন আব্দুস ছালাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় ২৫ জন শ্রমিককে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, কারখানার ভিতরে অনধিকার প্রবেশ করে ৫ লাখ টাকার মালামাল ভাঙচুর ও ৩ লাখ ৬২ হাজার টাকার আসবাবপত্র চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগে ওই মামলা হয়েছে। মামলায় জাহিদুল ইসলাম, সোহেল রানা, গুলাম রসুল, জুয়েল, হায়মুদ্দিন, বুলবুলি বেগম, আক্তার হোসেন, আতাহার আলী, নিজাম উদ্দিন, মোক্তার শেখ, মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম, কাঞ্চন মিয়া, আকবর আলীসহ ২৫ জন শ্রমিককে আসামি করা হয়।
এদিকে জামগড়া শিল্প এলাকার ডিজাইনার জিন্স গার্মেন্ট কারখানায় বাথরুম ব্যবহারকে কেন্দ্র করে গতকাল দু’দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে এক শ্রমিক ছুরিকাহতসহ ৫ জন আহত হয়েছে। শ্রমিক অসন্তোষের পর কারখানাটি ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানার গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডিজাইনার জিন্স গার্মেন্টের শ্রমিক রফিক, আজগর, জামিলাসহ বেশ ক’জন জানান, কারখানার বাথরুম ব্যবহারের জন্য কর্তৃপক্ষ তাদের অনুমতি নেয়ার নির্দেশ দিলে অধিকাংশ শ্রমিক এ নির্দেশ অমান্য করে। ফলে মালিকপক্ষ সমর্থিত শ্রমিকদের সঙ্গে অন্য শ্রমিকদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে নাজমুল নামের এক শ্রমিকের পিঠে ছুরিকাঘাত করা হলে তাকে চিকিত্সাকেন্দ্রে ভর্তি করা হয়। এছাড়া আরও ৪ শ্রমিককে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানা প্রাঙ্গণে এক সভায় মিলিত হয়ে বেতন, ওভারটাইম ও বোনাস বৃদ্ধিসহ কয়েকটি দাবি তুলে মালিকপক্ষকে আলটিমেটাম দেয়। মালিকপক্ষ অশান্ত পরিস্থিতি এড়াতে কারখানাটি ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করে। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সন্ধ্যায় কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?