Amardesh
আজঃ ঢাকা, সোমবার ২১ ডিসেম্বর ২০০৯, ৭ পৌষ ১৪১৬, ৩ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ট্রফি কার—মোহামেডান না আবাহনীর ?

এম. এম. কায়সার
আগে হিসাবটা জানুন।
মোহামেডান ২৬ পয়েন্ট। আবাহনী ২৫। আজ শেষ ম্যাচ। আজ জয়ী দল পাবে আরও দুই পয়েন্ট।
—তাহলে হিসাবটা কি দাঁড়াল?
আজ জিতলেই চ্যাম্পিয়ন। তবে এক পয়েন্ট বেশি থাকায় মোহামেডান আজকের ম্যাচে জয়ের সঙ্গে অন্য একটা হিসাবও মাথায় রাখতে পারে।
—কি সেটা?
‘টাই’। আজ আবাহনীর বিপক্ষে ম্যাচ ‘টাই’ হলেও লীগ শিরোপা মোহামেডানের ঘরেই যাবে। কাল সন্ধ্যায় দু’দলের এই হিসাবটা মনে করিয়ে দিতেই টেলিফোনের ওপার থেকে মোহামেডান অধিনায়ক খালেদ মাসুদ হাসছিলেন—‘অত জটিল পথে যেতে চাই না। পুরো পয়েন্ট চাই আজ।’ সেই সঙ্গে মাসুদ মনে করিয়ে দিলেন—‘লীগ পর্যায়ের ম্যাচে আমরা আবাহনীকে হারিয়েছিলাম। সোমবারের অল ইম্পর্টেন্ট ম্যাচেও তাদের আরেকবার হারাতে হবে। পুরো মৌসুমজুড়ে মোহামেডান যেমন দাপুটে ক্রিকেট খেলে এসেছে তেমন খেলতে পারলেই ট্রফি আমাদের।’
প্রিমিয়ার ক্রিকেটের প্রসঙ্গ এলেই মোহামেডানের দীর্ঘদিন এই শিরোপা না জেতার দীর্ঘশ্বাস শোনা যায়। অধিনায়ক খালেদ মাসুদের হাত ধরে সেই দুঃখ কি আজ ভুলতে পারবে মোহামেডান? দুই মৌসুম আগে যে ট্রফি নিয়ে আবাহনীর ক্লাব টেন্টে উল্লাস করেছিলেন খালেদ মাসুদ, সেটা আজ মোহামেডানে ফিরিয়ে আনতেই মাঠে নামছেন তিনি!
প্রিমিয়ার ক্রিকেটের পেছনের তিন আসরেই আবাহনী চ্যাম্পিয়ন। এই হ্যাটট্রিক শিরোপার প্রথমটি ২০০৭ সালে জিতেছিল আবাহনী। খালেদ মাসুদ সেসময় ছিলেন আবাহনীর। এখন মোহামেডানের। অধিনায়ক হওয়ার সুবাদে এবারের মোহামেডান দলটা তার হাতেই গড়া। মাসুদ আত্মবিশ্বাসী। বললেন—‘চ্যাম্পিয়ন হওয়ার মতো সব উপকরণই আছে মোহামেডানের এবারের দলে। আমরা যে আবাহনীর চেয়ে ভালো দল তার প্রমাণ তো লীগ পর্যায়ে দিতে পেরেছি। সেই প্রমাণটা সোমবার আরেকবার করব। পুরো দল আত্মবিশ্বাসে টগবগ করছে। এমন ম্যাচের জন্যই আমরা অপেক্ষায় ছিলাম।’
অপেক্ষায় আছেন আবাহনী অধিনায়ক সাকিব আল হাসানও। লীগে রেকর্ড মূল্য ২০ লাখ টাকা খরচ করে আবাহনী তাকে এবার দলে নিয়েছে। আজ সেই ‘ব্যালান্স’ মেলানোর দিন। ক্রিকেট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো আবাহনী বনাম মোহামেডান ম্যাচে খেলতে নামার আগে সাকিব বলছিলেন—‘কোনো সন্দেহ নেই, এই ম্যাচ নিয়ে উত্তেজনা সর্বত্র। তবে আমরা খেলোয়াড়রা কোনো চাপ নিতে চাই না। চাপের চিন্তা মাথায় সারাক্ষণ গিজগিজ করলে মাঠে খেলার কাজটা কঠিন হয়ে যায়।’
লীগ পর্যায়ে মোহামেডানের কাছে বড় হারের কথা ঠিকই মনে আছে সাকিব আল হাসানের। লীগে এখন পর্যন্ত পয়েন্টের শীর্ষে আছে মোহামেডান। সেই হিসাবের মর্যাদা রেখেই বললেন—‘মোহামেডান আমাদের লীগের প্রথম ভাগে হারিয়েছে, সেই হিসাবে অবশ্যই তারা ভালো দল। কিন্তু শেষের কয়েকটি ম্যাচে তারা ভালো ব্যাটিং করতে পারেনি। সেটাই আজকের ম্যাচে আমাদের জন্য প্লাস পয়েন্ট।’ পুরো দলের শক্তি বিশ্লেষণের আগে নিজের ক্রিকেট নিয়েই সাকিব কিছুটা চিন্তিত—‘পেছনের কয়েকটি ম্যাচে আবাহনী যেভাবে খেলেছে তাতে আমি খুশি নই। বড় আরেকটা সমস্যা হলো—আমি নিজেও রান পাচ্ছি না। আমি রান পেলেই সবকিছু ঠিক হয়ে যাবে।’
আজকের ম্যাচে আবাহনী এবং মোহামেডান লীগের প্রথম ভাগের মতো দুই পাকিস্তানিকে নিয়ে নামছে। দলের বিদেশি তারকার পারফরমেন্স বিশ্লেষণ করলে আবাহনীর অলরাউন্ডার আব্দুর রাজ্জাকই বেশি নম্বর পাচ্ছেন। ছয় ম্যাচে রাজ্জাক ব্যাট হাতে করেছেন ৩৬২ রান। গড় ৬১.৩৩। সর্বোচ্চ ১৮৫ রান। উইকেটও শিকার করেছেন ৯টি। ছয় ম্যাচে দু’বার ম্যাচসেরা হয়ে রাজ্জাক প্রমাণ করেছেন—বিদেশি কোটায় ঠিক ক্রিকেটারকেই বেছে নিয়েছে আবাহনী।
—রাজ্জাকের জন্য কি আজ তবে বিশেষ কোনো পরিকল্পনা?
প্রশ্নটার উত্তরে খালেদ মাসুদ বললেন—‘রাজ্জাক ভালো খেলোয়াড়। আগেও ওর বিপক্ষে আমরা খেলেছি। লীগে ভালো ফর্মে আছে সে। আমরাও তাকে ভালো জায়গায় বল করব।
মোহামেডানের পাকিস্তানি রানা নাভেদ-উল-হাসান ছয় ম্যাচে ১২ উইকেট পেলেও ব্যাট হাতে করেছেন মাত্র ৩৯ রান। মিডলঅর্ডার এমনকি ওপেনার হিসেবেও ব্যাট করার সুযোগ পেয়েছেন রানা। কিন্তু ঢাকা লীগে নিজেকে ব্যাটসম্যান হিসেবে চেনাতে পারলেন কই? এ প্রসঙ্গে মোহামেডান অধিনায়ক খালেদ মাসুদ বলছিলেন—‘রানার বোলিংটা ঠিক আছে। কিন্তু আইসিএলে তাকে ব্যাট হাতে আমরা ভালো কিছু রান করতে দেখেছিলাম। যেটা এখানে দেখতে পাচ্ছি না।’ আগের ম্যাচগুলোতে রানা ব্যাট হাতে প্রমোশন পেলেও আজ তাকে সেই দায়িত্ব দিচ্ছে না মোহামেডান।
লীগ ম্যাচে আবাহনীর বিপক্ষে মোহামেডানের জয়ের নায়ক আফতাব আহমেদ খেলছেন আজ। ইনজুরির কারণে কলাবাগানের বিপক্ষে শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। আফতাব ফেরায় নাফিস ইকবালকে সেরা একাদশের জায়গা ছাড়তে হচ্ছে।
প্রিমিয়ার ক্রিকেটের শেষ দিনে আজ আবাহনী-মোহামেডান ম্যাচ ছাড়া আরও দুটো ম্যাচ আছে। তবে ফতুল্লায় বিমান বনাম সিসিএস এবং বিকেএসপির মাঠে কলাবাগান ও ভিক্টোরিয়ার সেই ম্যাচ নিয়ে খুব বেশি আগ্রহের কিছু নেই। শিরোপার লড়াই যে শুধু মিরপুরে। আজ মিরপুরে মোহামেডান শিরোপা জিতে বিমানের একটা উপকার করতে পারে। আবাহনী আজ হারলে রানার্সআপ ট্রফিও পাবে না। সেটা উঠবে বিমানের হাতে। তবে সেই সঙ্গে বিমানকেও ফতুল্লায় জয়টা নিশ্চিত করতে হবে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?