Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

অভিযুক্তদের ব্যাপারে আদালতে ফয়সালা হবে : গিলানি

ডেস্ক রিপোর্ট
পাকিস্তানের ন্যাশনাল রিকন্সিলিয়েশন অর্ডিন্যান্স (এনআরও) সে দেশের মন্ত্রী এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, সেগুলোর ফয়সালা আদালতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। খ্রিস্টান সম্প্রদায়ের পবিত্র বড়দিন উপলক্ষে এক আন্তঃসাম্প্রদায়িক ভোজসভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সমর্থনে বলেন, ‘এর আগে একই অভিযোগে তাকে কারাগারে থাকতে হয়েছিল। সেই একই অভিযোগে তাকে পদত্যাগ করতে বলাটা অবিচার হয়ে যাবে।’
পাকিস্তানি সুপ্রিমকোর্টের রায়ে ক্ষমতাসীন কোয়ালিশন সরকারের শীর্ষস্থানীয় নেতাদের ওপর থেকে অ্যামনেস্টির সুবিধা প্রত্যাহার করে নেয়ার পর তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো পুনরুজ্জীবিত করার ঘোষণা দিয়েছে সে দেশের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। এরই পরিপ্রেক্ষিতে বিরোধী দলগুলো জারদারির পদত্যাগের দাবি জানিয়েছে। জারদারিকে মোশাররফ সরকারের আমলে দুর্নীতির অভিযোগে কারাবরণ করতে হয়েছিল।
প্রধানমন্ত্রী বলেন, লোকদের চাকরি দেয়ার অপরাধে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছিল। এটি ছিল আসলে একটি ভিত্তিহীন অভিযোগ। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অথচ সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফ ও তার সহযোগী শওকত আজিজের বিরুদ্ধে কড়ে আঙুলটিও তোলা হয়নি। কারণ ন্যাশনাল রিকন্সিলিয়েশন অর্ডিন্যান্স বা এনআরও তাদের ধামাধরা ছিল। তারা ৪ বিলিয়ন রুপি ব্যয়ের পক্ষেও কোনো তথ্যপ্রমাণ দিতে পারেনি।
গিলানি বলেন, পিপিপি (পাকিস্তান পিপলস পার্টি) ও পিএমএল-এন (পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ) ২০০৬ সালে এক চুক্তিতে উপনীত হয়। সেখানে বলা হয়েছিল, দুই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসাবশত যেসব মামলা দায়ের করা হয়েছিল, গণতন্ত্রের স্বার্থেই তা পরিহার করা হবে। চুক্তিপত্রে সেসব এখনও স্পষ্ট লেখা আছে।
এনএবি বিলুপ্ত করে নতুন কোনো কমিশন গঠন করা হবে কিনা প্রশ্ন করা হলে গিলানি বলেন, নওয়াজ শরীফের কাছে আমি জবাবদিহিতা বিলের একটা খসড়া পাঠিয়েছি। তার পছন্দ হলে এটি আগামী সংসদে আইন আকারে পাস হতে পারে।
এদিকে পিপলস পার্টির কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিলের বৈঠকে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পক্ষে এনআরও’র মামলার বিরুদ্ধে আদালতে লড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পিপিপির মুখপাত্রের বরাত দিয়ে ইংরেজি দৈনিক ডন এ খবর দিয়েছে।
পার্টির কাউন্সিলে বলা হয়, পিপিপি জারদারির নেতৃত্বে আস্থা রেখেছে। তার পক্ষে সম্ভাব্য সবকিছু করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে বৈঠকে। জারদারির সভাপতিত্বে ইসলামাবাদে শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?