Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ড. তৌফিক ও জয়ের দুর্নীতির তদন্ত করুন : মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহীর বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। একইসঙ্গে দলটি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নাম মুছে ফেলার অপচেষ্টা ও তারেক রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করা থেকে বিরত থাকার জন্য সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জাানিয়েছে।
গতকাল সকালে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানান। সরকার এ অবস্থা থেকে বিরত না হলে আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলেও জানান তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, জয় ও সরকারের একজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত গুরুতর। সরকারের স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই এ অভিযোগের সঠিক তদন্ত হওয়া উচিত। দুর্নীতির এমন একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশের জন্য আমার দেশ সম্পাদককে হুমকি দিয়েছে আওয়ামী লীগ নেতারা। মাহমুদুর রহমানকে হুমকি দেয়ার অর্থ হচ্ছে, স্বাধীন সংবাদপত্রকেই হুমকির নামান্তর। এরা গণতন্ত্রে বিশ্বাস করে না। দলের নবনির্বাচিত এই সিনিয়র যুগ্ম মহাসচিব দেশের গুরুুত্বপূর্ণ স্থাপনা থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলা এবং জিয়া পরিবারের বিরুদ্ধে একতরফাভাবে অপপ্রচারের নিন্দা জানিয়ে বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের মানুষের হৃদয়ে স্থান করে আছেন। যারা তার নাম মুছে ফেলতে চায়, তারা ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। একইভাবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধেও তারা ভিত্তিহীন অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমরা সরকারকে এরকম তত্পরতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। অন্যথায় বিএনপি আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।
সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটিই প্রথম সংবাদ সম্মেলন।
নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে চারদলীয় জোট সরকারের সাবেক কৃষি প্রতিমন্ত্রী মির্জা আলমগীর শাসক দলের ব্যর্থতার সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ বিগত তত্ত্বাবধায়ক সরকারের মতোই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দেশে রাজনীতি ও অর্থনীতিতে চলছে এক ধরনের অস্থিরতা ও স্থবিরতা।
তারেক রহমানের বিরুদ্ধে সরকারি দলের অপপ্রচারের সমালোচনা করে তিনি বলেন, যখন সফল কাউন্সিলের মাধ্যমে বিএনপি পুনরুজ্জীবিত হয়েছে, তখনই একটি গোষ্ঠী তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যমে দলের ওপর আঘাত হানতে চাইছে। জরুরি অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের পদাঙ্ক অনুসরণ করেই তারা দেশের সর্ববৃহত্ জনপ্রিয় দল বিএনপি ধ্বংস করার পাঁয়তারা করছে।
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন প্রসঙ্গ টেনে সাবেক প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান দেশের মানুষের হৃদয়ে স্থান করে আছেন। আজ তার নাম মুছে ফেলার জন্য সরকার তত্পর হয়ে উঠেছে। কিন্তু এসব করে জিয়াকে মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। তিনি সরকারকে গণতান্ত্রিক আচরণ ও সহনশীলতা প্রদর্শনেরও আহ্বান জানান।
এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও জ্বালানি উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের খবর প্রকাশ করায় আমার দেশ সম্পাদককে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হুমকি দিয়েছে, তা এক ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস বলে তিনি অভিহিত করেন। তিনি বলেন, শাসক দলের মন্ত্রী-নেতারা যখন মাহমুদুর রহমানের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হুমকি দেয়, তখন বোঝা যায় এদেশের সাধারণ মানুষ নিরাপদ নয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী আহমেদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক খায়রুল কবির খোকন, সাবেক ছাত্রদল নেতা এবিএম মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?