Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

বিএনপির আনন্দ মিছিল : খালেদা ও তারেক গণআকাঙ্ক্ষা পূরণে সফল হবেন : দেলোয়ার

স্টাফ রিপোর্টার
৮ ডিসেম্বর দলের জাতীয় কাউন্সিলে বেগম খালেদা জিয়া চেয়ারপার্সন ও তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রাজধানীতে আনন্দ মিছিল বের করেছে বিএনপি। মিছিলে অংশ নিয়ে দল ও অঙ্গদলের নেতাকর্মীরা নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করে বিএনপির শীর্ষ এই দুই নেতার সুস্বাস্থ্য কামনা করে।
এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, দেশবাসীর সঙ্গে বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়া চেয়ারপার্সন ও তারেক রহমান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনন্দিত। তাদের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হবে। এই নেতৃত্বে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সচেষ্ট হবে।
আনন্দ মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিকাল পাঁচটায় বের হয়ে শান্তিনগর, মৌচাক হয়ে মগবাজার চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। এই মিছিলে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের ক্ষুদ্র ক্ষুদ্র মিছিলসহকারে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। মিছিলটি যখন মালিবাগ মোড়ে গিয়ে পৌঁছে তখনও এর শেষ মাথা নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে রয়ে যায়। গত জাতীয় নির্বাচনের পর এই আনন্দ মিছিলটি বিএনপির বড় শো-ডাউন বলে দলের নেতাকর্মীরা মনে করেন।
মিছিলে নানা রঙের ব্যানার-ফেস্টুনের পাশাপাশি কর্মীদের হাতে ছিল দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বড় বড় প্রতিকৃতি। বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ, দলীয়, জাতীয় ও উত্সব পতাকার ব্যাপক উপস্থিতি মিছিলটিকে আকর্ষণীয় করে তোলে।
এর আগে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর স্থাপিত মঞ্চ থেকে খোন্দকার দেলোয়ার মিছিলের শুভ উদ্বোধন করেন।
তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, বিএনপির অঙ্গসংগঠনগুলো এরই মধ্যে আনন্দ মিছিল করেছে। বিএনপির শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের কর্মসূচির কারণে এই আনন্দ মিছিলের কর্মসূচি পালন করতে বিলম্ব হয়েছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী হবে। তারা জিয়ার আদর্শ-উদ্দেশ্য বাস্তবায়ন এবং বর্তমান সঙ্কট উত্তরণের পথে সঠিকভাবে অনুসরণীয় নেতৃত্ব দেবেন বলে আমরা মনে করি।
খোন্দকার দেলোয়ার দুই নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে বলেন, দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এই নেতৃত্ব জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।
আনন্দ মিছিলে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম, এমকে আনোয়ার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু ও রুহুল কবির রিজভী আহমেদ, কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু, নাজিমউদ্দিন আলম, ফজলুল হক মিলন, ইলিয়াস আলী, সেলিম রেজা হাবিব, খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিরিন সুলতানা, আবদুস সালাম, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, আবদুল কাইয়ুম চৌধুরীসহ সংসদ সদস্য ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?