সফরের প্রথম ম্যাচেই বাটের সেঞ্চুরি
স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচেই সেঞ্চুরি পেলেন পাকিস্তানের ওপেনার সালমান বাট। বাঁ-হাতি এই ব্যাটসম্যানের দুরন্ত ১৫৩ রানের সুবাদেই কাল থেকে হোবার্টে অজি রাজ্য দল তাসমানিয়ার বিরুদ্ধে শুরু হওয়া তিন দিনের ম্যাচের প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২৭০ রান। মেঘলা আবহাওয়ায় হোবার্টের বেলেরিভ ওভাল মাঠে টসে হেরে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমেছিল। সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজের মতোই পাকিস্তানের দুই ওপেনার ইমরান ফারহাত এবং বাট শুরুতে অস্বস্তিতে ভুগেছেন। ওপেনিং জুটিতে ওঠে ৬৯ রান। তাতে ৩২ রান করে যান ইমরান। বাট দুটি জীবন পাওয়ার পর আর পেছন ফিরে তাকাননি। এক প্রান্তে ঘাঁটি গেড়ে তিনি খেলে যান দলকে ভালো জায়গায় পৌঁছে দিতে। ফয়সাল ইকবাল ১৭ রানে ফিরে গেলেও মিসবাহকে নিয়ে ১১৩ রানের জুটি গড়েন বাট। হাফ সেঞ্চুরি থেকে সাত রান দূরে থাকতে আউট হয়ে যান মিসবাহ। তবে বাট তুলে নেন সেঞ্চুরি। এক সময় পেরিয়ে যান দেড়শ’ রানও। শেষ পর্যন্ত অজি টেস্ট বোলার ব্রেট গিভসের বলে উইকেটকিপার টিম পেইনের হাতে ১৫৩ রানে ধরা পড়েন বাট। ক্রিজে ছিলেন উমর আকমল এবং ফাওয়াদ আলম। অধিনায়ক মোহাম্মদ ইউসুফ এ ম্যাচে খেলছেন না। তার জায়গায় অধিনায়কত্ব করছেন উইকেটকিপার কামরান আকমল।
সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান প্রথম ইনিংস : ২৭০/৪ (বাট ১৫৩, মিসবাহ ৪৩, ফারহাত ৩২; ম্যাকডোনাল্ড ২/৪০)।
সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান প্রথম ইনিংস : ২৭০/৪ (বাট ১৫৩, মিসবাহ ৪৩, ফারহাত ৩২; ম্যাকডোনাল্ড ২/৪০)।
-
খেলাধুলা


সাধারণ বিভাগ
আবহাওয়া


