শেখ রাসেলের সহজ জয়
চট্টগ্রাম ব্যুরো
বাংলাদেশ লীগে তৃতীয় জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। গতকাল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে নিজেদের ৪র্থ লীগ ম্যাচে শক্তিশালী শেখ রাসেল ক্রীড়াচক্র ২-০ গোলে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে হারিয়েছে। শেখ রাসেলের আফ্রিকান ফুটবলার হাফান আল বারকা ও সামির ওমারি ১টি করে গোল করেন। আগাগোড়া প্রাধান্য বিস্তৃত এ ম্যাচে শেখ রাসেল অর্ধডজনেরও বেশি সুযোগ কাজে লাগাতে পারেনি দুর্বল ফিনিশিংয়ের কারণে। তার ওপর প্রথম গোলটি পরিকল্পিত আক্রমণ থেকে আসে। দ্বিতীয় গোলটি ছিল প্রশ্নবিদ্ধ। এ সময় শেখ রাসেলের মোবারক ক্ষিপ্র গতিতে ডি-বক্সে ঢুকে নিয়ন্ত্রণ হারিয়ে নিজেই পড়ে গেলে রেফারি জসিম উদ্দিন সবাইকে অবাক করে পেনাল্টির বাঁশি বাজান, যা থেকে ওমারি গোল করেন। এছাড়া ৫৫ মিনিটে হাফানের ক্রসে একাকী দাঁড়িয়ে থাকা ওমারি বাইরে হেড করে সহজ সুযোগ নষ্ট করেন। ৭৩ মিনিটে হাফান দেখান অমার্জনীয় ব্যর্থতা। এ সময় রাইটআউট থেকে মোবারকের চমত্কার মাইনাসে হাফান একা গোলরক্ষককে কাটিয়ে গোল করতে গেলে বল গোলরক্ষক বিপ্লবের পায়ে লেগে বাইরে চলে যায়। ফলে ২ গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয় শেখ রাসেলকে। অবশ্য শেষ দিকে তাদের আর গোল করার তেমন চেষ্টা করতেও দেখা যায়নি। এ জয়ের সুবাদে ৪ ম্যাচ শেষে শেখ রাসেলের পয়েন্ট দাঁড়িয়েছে ১০। অপরদিকে এবারের লীগে প্রথম পরাজয়ের স্বাদ নিয়ে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট সমসংখ্যক ম্যাচে ৫।
-
খেলাধুলা


সাধারণ বিভাগ
আবহাওয়া


