মুক্তিযোদ্ধাকে হারিয়ে শীর্ষে আবাহনী
স্পোর্টস রিপোর্টার
টানা ৪১ দিন বন্ধ থাকার পর বাংলাদেশ লীগ আবার শুরু হয়েছে কাল। প্রথম দিনে শিরোপা প্রত্যাশী ঢাকা আবাহনী ১-০ গোলে হতশ্রী মুক্তিযোদ্ধাকে হারিয়ে ৪ ম্যাচে টানা জয় পেয়ে সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে ঢাকার ঘরোয়া ফুটবলের নিকট অতীতেও জায়ান্টখ্যাত মুক্তিযোদ্ধা টানা ৪ ম্যাচ হেরে পয়েন্ট শূন্য অবস্থায় পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান করছে। চট্টগ্রামে শেখ রাসেল ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢাকা মোহামেডান খেলবে আরামবাগের বিপক্ষে। ম্যাচটা হবে সন্ধ্যা ৬টায়। ম্যাচ এগিয়ে নেয়ার সাংবাদিকদের আবেদন উপেক্ষা করে লীগ কমিটি সন্ধ্যা ৬টায় ম্যাচ রেখেছে। এজন্য গতকালও সংবাদ কভার করা ক্রীড়া সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেক সাংবাদিক অর্ধেক ম্যাচ দেখেই অফিসে চলে যান। বাফুফে মিডিয়া রুম করার ঘোষণা দিলেও ৪১ দিন পর ঘরোয়া লীগ শুরুর দিনই ক্রীড়া সাংবাদিকদের ভীষণ বিড়ম্বনা পোহাতে হয়। অর্থনাশের ব্যাপারে বাফুফে মুক্তকচ্ছ হলেও মিডিয়ার জন্য অতীতের কমিটির মতো বাফুফের বর্তমান কমিটিও দারুণ কৃচ্ছ্রতা সাধন নীতি অনুসরণ করে চলছে। এবার ম্যাচ রিপোর্ট। অপেক্ষাকৃত ভালো খেলেই জিতেছে ঢাকা আবাহনী। কিন্তু প্রকৃতপক্ষে দু’দলের কেউই ভালো ফুটবল উপহার দিতে পারেনি স্টেডিয়ামে হাজির হওয়া হাজারখানেক দর্শককে। রীতিমতো ‘ওয়াকিং ফুটবল’ খেলেছে তারা। আবাহনী ম্যাচের ১৭ মিনিটে গোল করার পর আয়েশিভঙ্গিতে খেলে গোল ধরে রেখেছে। ম্যাচ জিতেছে। পূর্ণ পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছে। পক্ষান্তরে টানা ৩ ম্যাচ হারের পরও গোল শোধের কোনো চেষ্টা দেখা যায়নি মুক্তিযোদ্ধার মধ্যে। রাজনৈতিক কারণে বিধ্বস্ত হওয়া মুক্তিযোদ্ধা গত পেশাদার লীগে ১১ দলের মধ্যে দশম হয়েও রেলিগেটেড হয়নি লীগ কমিটির করুণায়। এবার মোটামুটি ব্যালান্সড দল গড়েছিল মুক্তিযোদ্ধা। অতীতে জাতীয় দলে খেলা মোট ১১ ফুটবলার আছেন এ দলটিতে। বর্ষীয়ান কোচ গোলাম সারোয়ার টিপু দলটির দায়িত্ব নেয়ায় ফুটবলবোদ্ধারা ভেবেছিলেন, এবার বেশ লড়াকু ফুটবল খেলবে মুক্তিযোদ্ধা। কিসের কি! একের পর এক ম্যাচ হেরে রেলিগেটেডের পথই অনুসরণ করছে দলটি। স্পোর্টস টক শো বা ক্রীড়া কলামে কোচ টিপু যতটা ফুটবল বোঝেন বলে মনে হয়, তার দল মুক্তিযোদ্ধার জঘন্য ফুটবল খেলা দেখে তা বিশ্বাস করতে কষ্ট হয়। কাল তার দল টানা চতুর্থ ম্যাচ হারের পরও এ বাক্যবাগীশ কোচ ব্যর্থতার সপক্ষে নানা যুক্তি তুলে ধরেন। ১৬ মিনিটে শেরিফের ক্রস বক্সে পড়লে এনামুল হেডে গোল করেন (১-০)। ৮ এবং ৬৫ মিনিটে আবাহনীর ইব্রাহিমের দুটি গোল প্রচেষ্টা ক্রসপিসে লেগে ফিরে আসে। ৭৬ মিনিটে মুক্তির গ্রের ফ্রি-কিকে আবাহনীর বক্সের ভেতরে দাঁড়ানো সতীর্থ টিটু গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। ৮৫ মিনিটে মনির ফ্রি-কিক আবাহনীর গোলকিপার বিপ্লব ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন। খেলাশেষে আবাহনীর কোচ অমলেশ ম্যাচ জিতলেও তার দলের পারফরমেন্সে হতাশা প্রকাশ করেন।
-
খেলাধুলা


সাধারণ বিভাগ
আবহাওয়া


