ফটোসাংবাদিকদের সম্মেলন শুরু : সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ পেশা
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ষষ্ঠ জাতীয় সম্মেলন গতকাল রাজধানীতে শুরু হয়েছে। সম্মেলনে ঢাকা ও বিভিন্ন জেলার শতাধিক ফটোসাংবাদিক যোগ দেন। নেপাল ফটোজার্নালিস্ট ফোরামের ১২ সদস্যের একটি প্রতিনিধি দলও এতে অংশগ্রহণ করে। সম্মেলন উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি পালন করছে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন। জাতীয় প্রেসক্লাবে গতকাল প্রথম দিনের কর্মসূচি উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরউদ্দীন আহমদ কামরান, বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, জাতীয় প্রেসক্লাব সভাপতি শওকত মাহমুদ। এ সময় বিভিন্ন স্থান থেকে আসা দেশি-বিদেশি ফটোসাংবাদিকদের উপস্থিতিতে প্রেসক্লাব উত্সবমুখর এক মিলনমেলায় পরিণত হয়। পরে সংগঠনটির সভাপতি একেএম মহসীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুদ্দীন আহমেদের পরিচালনায় প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বদরউদ্দীন আহমদ কামরান বলেন, সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ অথচ সম্মানজনক পেশা। সরকার বা বিরোধী দলে থাকাবস্থায় যখন রাজনীতিবিদরা নির্যাতনের শিকার হন তখন সাংবাদিকরাই আমাদের পাশে থাকেন। সাংবাদিকদের যত বেশি সম্মান জানাতে পারব গণতন্ত্র তত বেশি সুদৃঢ় হবে, দেশও উন্নত হবে। বিশেষ অতিথি বরকতউল্লাহ বুলু বলেন, দেশের সব গুরুত্বপূর্ণ, গৌরবময় ও ঐতিহ্যবাহী আন্দোলনে সাংবাদিকরা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জহিরুল হক, নূরুদ্দীন আহমেদ, নেপালের ফটোসাংবাদিক মীন রত্না, আবদুল বাতেন ফয়সাল, জাবিদ অপু, এসএম সিরাজ, মঞ্জু আলম, জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
পরে প্রেসক্লাব থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পুরানা পল্টনের ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ের সামনে শেষ হয়। সন্ধ্যায় মহানগর নাট্যমঞ্চে নেপালের ফটোসাংবাদিকদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
পরে প্রেসক্লাব থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পুরানা পল্টনের ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ের সামনে শেষ হয়। সন্ধ্যায় মহানগর নাট্যমঞ্চে নেপালের ফটোসাংবাদিকদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
-
মহানগর


সাধারণ বিভাগ
আবহাওয়া


