Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

পরমাণু অস্ত্র হ্রাস চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-রাশিয়া

এপি, এএফপি
পরমাণু অস্ত্র হ্রাসের ব্যাপারে চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। কোপেনহেগেনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মধ্যে বৈঠকে এই অগ্রগতি হয়। তবে এই চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা শুরু হয় গত এপ্রিল মাসে এবং তা ৫ ডিসেম্বরের মধ্যেই স্বাক্ষর হবে এমন গুঞ্জনও ছিল বেশ। কিন্তু এখনও সেটি স্বাক্ষরিত না হওয়ায় নিরাপত্তা বিশ্লেষকদের প্রশ্নবোধক দৃষ্টি রয়ে গেছে এই দুই নেতার সদিচ্ছার দিকে। দুই নেতাই জানিয়েছেন, পরমাণু অস্ত্র হ্রাসের ব্যাপারে একটি চুক্তি প্রায় আসন্ন। তবে এখনও দু-একটি কারিগরি বিষয় বাকি রয়ে গেছে এবং সেগুলো জানুয়ারি মাস নাগাদ সুরাহা হবে বলে আশা করা হচ্ছে। অবশ্য এর মাত্র একদিন আগেও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ কিছুটা অভিযোগের সুরেই বলেছিলেন, শেষপর্যায়ে এসে এই চুক্তি স্বাক্ষরে গড়িমসি করছে আমেরিকা। জলবায়ু সম্মেলনের একপর্যায়ে রুশ নেতা মেদভেদেভের সঙ্গে বৈঠকের পর বারাক ওবামা বলেন, আমার দৃঢ় বিশ্বাস, একটা সময়ের ব্যবধানেই এই চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তির বিষয়ে একজন ফলপ্রসূ সহযোগী হওয়ায় আমি প্রেসিডেন্ট মেদভেদেভকে ধন্যবাদ জানাই।
অন্যদিকে মেদভেদেভ বলেন, আমাদের অবস্থান বেশ কাছাকাছি এবং কয়েকমাস ধরে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করে আসছি প্রায় সব বিষয়েই মতৈক্যে পৌঁছতে পেরেছি। তিনি আরও বলেন, যে কয়েকটি কারিগরি বিষয়ে এখনও মতপার্থক্য রয়েছে সেগুলো অল্পসময়ের মধ্যেই সমাধান সম্ভব হবে। আমি আশা করি, এই নতুন চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আমাদের যে সুসম্পর্ক বিদ্যমান তারই প্রতিফলন ঘটবে, বলেন মেদভেদেভ। এর আগে রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো জানায়, চুক্তির খসড়া প্রায় চূড়ান্ত এবং চলতি বছরের শেষ নাগাদ তা স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন এই চুক্তি দুই দেশের বহুল আলোচিত কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি তথা এসটিএআরটির স্থলাভিষিক্ত হবে। ১৯৯১ সালে স্বাক্ষরিত ওই চুক্তির মেয়াদ এ বছর ৫ ডিসেম্বর শেষ হয়ে গেছে। তবে নতুন চুক্তি কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে জানায়নি কোনো পক্ষই।
প্রসঙ্গত মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে বিদ্যমান সম্পর্কের ঘাটতি দূর করা এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ— ওবামার এ দুটি উদ্দেশ্যই সফল হবে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বলে মন্তব্য বিশ্লেষকদের। ওবামা এবং মেদভেদেভ গত জুলাই মাসে প্রত্যেকে দেড় হাজার থেকে এক হাজার ছয়শ’ পঁচাত্তরটি ক্ষেপণাস্ত্র মুখ এবং পাঁচশ’ থেকে এক হাজার একশ’টি ক্ষেপণাস্ত্র বাহক কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। এক হিসাবে, আমেরিকার কাছে দুই হাজার দুশ’টি এবং রাশিয়ার কাছে তিন হাজার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মুখ রয়েছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?