রাজশাহীতে মশার উত্পাত দিশেহারা নগরবাসী
রাজশাহী অফিস
মশার কামড়ে রাজশাহীবাসী দিশেহারা হয়ে পড়লেও রাজশাহী সিটি কর্পোরেশনের কোনো কর্মসূচি নেই। মশার অব্যাহত কামড়ে অসহনীয় হয়ে উঠেছে নগরবাসী। দিনে-রাতে ২৪ ঘণ্টাই সমানতালে মশা কামড়াচ্ছে। এরপরও মশা নিধনে সিটি কর্পোরেশনের কোনো পদক্ষেপ নেই। মশা নিধন ওষুধ ব্যবহার করা হচ্ছে না। অথচ রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, মশা নিধনে নগরীতে ক্র্যাশ প্রোগাম চলছে। মাসে তিনদিন করে প্রতিটি ওয়ার্ডে পালাক্রমে ফগার মেশিন দিয়ে স্পে করে মশা নিধন করা হচ্ছে। কিন্তু নগরবাসীর অভিযোগ, বাস্তবে সেটা হচ্ছে না। নগরীর বিভিন্ন এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক মাস ধরে নগরীতে মশার উপদ্রব শুরু হয়েছে। তবে গত দু’সপ্তাহ আগ থেকে মশার কামড় নগরবাসীর জন্য অসহনীয় হয়ে উঠলেও মশা নিয়ন্ত্রণে রাজশাহী সিটি কর্পোরেশনের যেন কোনো মাথাব্যথা নেই। কোনো ধরনের কার্যকর উদ্যোগও লক্ষ্য করা যায়নি। মাঝেমধ্যে কোথাও কোথাও ফগার মেশিন দিয়ে স্প্রে এবং মশক নিধন ওষুধ ছিটানোর খবর জানা গেলেও তা খুবই সীমিত। ফলে এ নিয়ে নগরবাসীর মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। মশার উপদ্রবে নগরীর পরিবেশ এতটাই জটিল হয়েছে যে, স্বাভাবিকভাবে এক মুহূর্তও বসে থাকার উপায় নেই। দিনে-রাতে সমানতালে চলছে মশার কামড়। স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা মশার কামড় সহ্য না করতে পেরে এখন মশারি টানিয়ে লেখাপড়া করছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। নগরীর বিনোদপুর এলাকার এসএসসি পরীক্ষার্থী রবিন জানায়, সামনে তার এসএসসি পরীক্ষা। কিন্তু মশার অত্যাচার সহ্য করতে না পেরে তাকে মশারি টানিয়ে লেখাপড়া করতে হচ্ছে। মশা নিধনে কোনো পদক্ষেপ না থাকায় সর্বমহলে রাসিকের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। গতকাল নগরীর আলুপট্টি এলাকার বাসিন্দা নেফাউর রহমান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, মশার নিধনে কোনো পদক্ষেপ না থাকায় নগরীতে বসবাস করাই কষ্টকর হয়ে পড়েছে। সিটি কর্পোরেশন এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে।
-
জাতীয়


সাধারণ বিভাগ
আবহাওয়া


