Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সাতক্ষীরায় গণআদালতে শিল্পোন্নত দেশগুলোকে জরিমানা : রায় জলবায়ু সম্মেলনে পাঠানোর আশ্বাস

সাতক্ষীরা প্রতিনিধি
বাতাসে ক্ষতিকর কার্বন গ্যাস নিঃসরণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট অভিযোগে শিল্পোন্নত দেশগুলোকে জরিমানা করা হয়েছে। ক্ষতিপূরণের আদলে ওই জরিমানা আদায়ের জন্য আদালত সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর রায়ের কপি পাঠিয়ে তা কোপেনহেগেনে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে উত্থাপনের অনুরোধ জানিয়েছেন।
বৃহস্পতিবার সাতক্ষীরার সুন্দরবন লাগোয়া আইলা উপদ্রুত ইউনিয়ন বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত সুন্দরবনের অধিষ্ঠাত্রী বনবিবি এক জনাকীর্ণ প্রতীকী আদালতে ওই রায় ঘোষণা করেন। এ সময় প্রধান বিচারপতি বনবিবিকে বিচার কাজে সহায়তা করেন আরও তিন বিচারক, যারা বিভিন্ন সময় বনবিবির দায়িত্ব পালন করে থাকেন। প্রতীকী আদালতে বনবিবিসহ অন্যান্য বিচারপতির দায়িত্ব পালন করেন সাজিদা খাতুন, নাজমা বেগম, শেফালি খাতুন ও শরিফা বেগম।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫২ মিনিটে বনবিবি ব্যাঘ্রপৃষ্ঠে আসন নিয়ে আদালতের কার্যক্রম শুরু করেন। এ সময় একদল বনজীবী মৌয়াল আল্লাহ রসুল, বনবিবি, মোখলেস ফকির ও গাজী কালুর বন্দনা করে সঙ্গীত পরিবেশন করে তাদের অভিযোগ তুলে ধরেন।
এর পরপরই বেঞ্চ সহকারী বাদী পক্ষের অভিযোগ লিখিত ও মৌখিকভাবে তুলে ধরেন। বাদী মৌয়াল সাহাবুদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বন ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, বনে মৌচাক নেই। মধুও নেই। অপর বাদী সাহাবুদ্দিন গাইন বলেন, বনের নদী গভীর ছিল, এখন নদীতে চর পড়ছে। নদী হয়ে পড়ছে মাছশূন্য। বাদী কওসার মোড়ল তার অভিযোগে বলেন, জঙ্গলে প্রলয়ের কারণে গাছ থাকছে না। কাঠ-পাতা কিছুই নেই। অপর অভিযোগকারী শেফালি বেগম বলেন, নদীতে কাঁকড়া ও পোনা মিলছে না। একইভাবে জোংড়া শামুক নেই, বাঘ হরিণ থাকছে না। পাখিও হারিয়ে যাচ্ছে বলে অভিযোগ তোলা হয়।
বাদীরা এ সময় বলেন, বাঘ মানুষ ধরে ধরে খাচ্ছে। বনের মধ্যে আগের তুলনায় তিন-চার ফুট উঁচু পর্যন্ত পানি উঠছে। লবণাক্ততা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। আইলা ও সিডর আঘাতে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। গৃহহারা হয়েছে কয়েক লাখ মানুষ। পানির দাপটে এখনও দক্ষিণাঞ্চল তলিয়ে রয়েছে। বেড়িবাঁধের উপর মানুষ আশ্রয় নিয়েছে। বাদীরা এসব সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে প্রধান বিচারকের কাছে অভিযুক্তদের শাস্তি দাবি করেন।
বাদী পক্ষের এসব অভিযোগ শুনে প্রধান বিচারপতি বনবিবি বিবাদীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে কাঠগড়ায় থাকা মানুষখেকো বাঘ বলে, তাকে বনে ফিরিয়ে দেয়া হোক। তাহলে সে আর মানুষ ধরে খাবে না। এর আগে ব্যাঘ্র বিধবা নাজমা বেগম তার স্বামীর ক্ষতবিক্ষত লাশ আদালতে নিয়ে আসেন ও এর প্রতিকার দাবি করেন।
এ সময় জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী শিল্পোন্নত দেশগুলোর কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় তারা আত্মপক্ষ সমর্থন করতে পারেনি। দুপুরে আদালত তের মিনিটের বিরতি দিলে আইলায় ক্ষতিগ্রস্ত হওয়া সিংহতলীর একটি দল ‘ফিরিয়ে দাও’ নামের নাটক উপস্থাপন করে। এতে বলা হয় সেই বন, সেই মাছ, সেই সম্পদ, সেই জীবন আর সেই পেশা ফিরিয়ে দিতে হবে।
জনাকীর্ণ আদালত চত্বরে উপস্থিত নারী-পুরুষ-শিশু ছাড়াও বিচার চাইতে এসেছিলেন শত শত বনজীবী মানুষ। তারা বার বার বনবিবির কাছে তাদের ক্ষোভ প্রকাশ করেন। দুপুর ২টায় প্রধান বিচারপতি মামলার রায় ঘোষণা করে বলেন, শিল্পোন্নত আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চীন, অস্ট্রেলিয়া, জার্মানি, জাপানসহ কয়েকটি দেশ জলবায়ু পরিবর্তনের জন্য প্রধানত দায়ী। তাদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত বিচারে তাদের দোষী সাব্যস্ত করে নির্দিষ্ট অংকের জরিমানা করছে। এই জরিমানা ক্ষতিপূরণের আদলে আদায় করতে হবে। অপরদিকে ক্ষতিকর কার্বন নিঃসরণ বন্ধ করে তা সহনশীল পর্যায়ে নিয়ে আসার জন্য নির্দেশ দেয়া গেল। এই বিচার বাস্তবায়নের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকের হাতে রায়ের কপি তুলে দেয়া হলো। জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর মাধ্যমে কোপেনহেগেনে জলবায়ু সম্মেলনে রায়ের কপি পাঠিয়ে ক্ষতিপূরণ আদায়ে যথাযথ ব্যবস্থা নেবেন বলে আদালত নির্দেশ জারি করেন।
সুন্দরবনের কদমতলা নদীতীরে উন্মুক্ত ময়দানে অনুষ্ঠিত বিচার চলাকালে সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ আবদুস সামাদ, শ্যামনগর ইউএনও দিলীপ কুমার বনিক, উপজেলা চেয়ারম্যান মোঃ আবদুল বারী, ভাইস চেয়ারম্যান শিল্পী রানী মহালদার, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বারসিক, অক্সফাম ও স্থানীয় বনজীবীদের যৌথ ব্যবস্থাপনায় এ গণআদালত বসে। এ সময় বারসিকের শাহীন ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক রায় বাস্তবায়নে সরকারের সদিচ্ছার কথা উল্লেখ করে বলেন, তা প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে পৌঁছে দেবেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?