Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

পাকিস্তানে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা : প্রতিরক্ষামন্ত্রীকে বিদেশ যেতে দেয়া হয়নি

ডেস্ক রিপোর্ট
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বিতর্কিত এনআরও অধ্যাদেশ বাতিল করে সুপ্রিমকোর্টের রায় ঘোষণার পর বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রায় ২৫০ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপের পর গতকাল মন্ত্রীর বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। এর আগে বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী আহমদ মুখতারকেও চীন সফরে বাধা দেয়া হয়। সুপ্রিমকোর্টের রায়ের মাধ্যমে ক্ষমতাসীন কোয়ালিশন সরকারের শীর্ষস্থানীয় নেতাদের ওপর থেকে অ্যামনেস্টির সুবিধা প্রত্যাহার হওয়ার পর তাদের বিরুদ্ধে দুর্নীতি মামলাগুলো পুনরুজ্জীবিত হচ্ছে বলে জানিয়েছে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। সরকারের এই দুরবস্থার মুখে বিপাকে পড়েছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট জারদারি শীর্ষ মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন। এএফপি, এপি, রয়টার্স, বিবিসি, এএপি, ডন নিউজ
পাকিস্তানে আবারও শুরু হয়েছে রাজনৈতিক সঙ্কট। অর্থনৈতিক সঙ্কট, জঙ্গি সঙ্কট আর প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের মধ্যে পাকিস্তান যখন হিমশিম খাচ্ছে, ঠিক তখনই দেশটির ওপর আবারও চেপে বসেছে গুরুতর রাজনৈতিক সঙ্কট। দীর্ঘদিন পর প্রধান বিচারপতি ইফতেখার মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে সুপ্রিমকোর্টের একটি বেঞ্চ সাবেক প্রেসিডেন্ট ও সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফের প্রবর্তিত বিতর্কিত এনআরও অধ্যাদেশটি বাতিল ঘোষণা করলে সঙ্কটের সূত্রপাত হয়। ২০০৭ সালে প্রবর্তিত এই অধ্যাদেশবলে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বেনজির ভুট্টো ও তার দলের শীর্ষ রাজনৈতিক নেতাদেরকে সাধারণ ক্ষমার আওতায় এনে দুর্নীতি মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। এর ফলে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিসহ অনেকের দুর্নীতি মামলাই স্থগিত হয়ে যায়। ওই সময় বিরোধী দলগুলোর পক্ষ থেকে বিতর্কিত এনআরও-এর তীব্র সমালোচনা করা হয়েছিল। কিন্তু সেই বিতর্কিত এনআরও বাতিল ঘোষণা করায় এই অধ্যাদেশটির আওতায় যারা দুর্নীতি মামলা থেকে রেহাই পেয়েছিল তাদের মামলাগুলো পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ পেল।
সুপ্রিমকোর্টের রায় ঘোষণার পর পরই ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) প্রায় ২৫০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতকে অনুরোধ করে। তালিকাভুক্তদের বিদেশ গমনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এনএবি-এর একজন মুখপাত্র জানান, প্রায় ২৪৮ জনের বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদের মধ্যে প্রতিরক্ষামন্ত্রীকে বৃহস্পতিবার চীন সফরে যেতে বাধা দেয়া হয়। তার বিদেশ সফরে বাধা দেয়ার খবর জানাজানি হওয়ার পর দেশে ক্যু হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। তবে সরকারের পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে এই খবর অস্বীকার করা হয়।
গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এনএবি-এর একটি আদালত। তার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়। একটি হলো ক্ষমতার অপব্যবহার এবং অন্যটি টয়োটা কোম্পানির কাছ থেকে দুটি মোটর গাড়ি ঘুষ নেয়া সংক্রান্ত।
সাংবিধানিক ইমিউনিটি বলে প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে দুর্নীতি মামলা আনা না গেলেও তার পদত্যাগের জন্য বিরোধী দলগুলো থেকে চাপ ক্রমেই বাড়ছে। তারপরও তার দলের নেতারা বলেছেন, প্রেসিডেন্ট চাপের মুখে পদত্যাগ করবেন না। তার সরকারের মন্ত্রীরা যদি দুর্নীতির দায়ে অভিযুক্ত হতে থাকেন তাহলে সরকার পতনও ঠেকানো যাবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে গতকাল দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি শীর্ষস্থানীয় মন্ত্রীদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেন। ডন নিউজ জানায়, বৈঠকে শীর্ষ মন্ত্রীদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি, কমর রাজা কাইরা, রেহমান মালিক, খুরশিদ শাহ, রাজা পারভেজ, আশরাফ, নাজির আওয়ান, বাবার গোন্ডাল এবং পিপিপি’র অন্যান্য শীর্ষ নেতা।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?