Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

পন্টিংয়ের জন্মদিন মাটি করলেন রোচ

স্পোর্টস ডেস্ক
জন্মদিনটা মোটেই ভালো কাটল না অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের। কালই ৩৫ বছরে পা দিয়েছেন এই অজি গ্রেট ব্যাটসম্যান। কিন্তু জন্মদিনটা মাটি করে দিলেন ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলার কেমার রোচ। পার্থে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া তৃতীয় ও শেষ টেস্টের কাল তৃতীয় দিন আহত পন্টিং অজিদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন নয় নম্বরে। কারণ ১২৫ রানে স্বাগতিকদের পড়ে গেছে ৭ উইকেট। উপায় না দেখে দলের আরও পতন ঠেকাতেই ক্রিজে এসেছিলেন পন্টিং। এবং পন্টিং আসামাত্রই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বল তুলে দেন অজি অধিনায়কের নেমেসিস পেসার রোচকে। যার বলেই প্রথম ইনিংসে কনুইয়ে আঘাত পেয়ে অবসর নিতে বাধ্য হয়েছিলেন পন্টিং। মোট বল খেলেছেন ছয়টি। তার মধ্যে রোচের পাঁচটি। রোচের প্রথম বাউন্সারেই আউট হতে পারতেন তিনি। বল উঠে গিয়েছিল। কিন্তু ধারেকাছে কোনো ফিল্ডার না থাকায় সে যাত্রা বেঁচে যান পন্টিং। সেটা দেখে সঙ্গেই সিলি মিডঅনে ট্রাভিস ডাউলিনকে দাঁড় করিয়ে দেন অধিনায়ক গেইল। পঞ্চম বলেই আউট পন্টিং। রোচের লাফিয়ে ওঠা বলটা মোটেই খেলতে পারেননি অজি অধিনায়ক। ব্যাটে লেগে বল বেলুনের মতো উড়ে গিয়ে জমা পড়ে ডাউলিনের হাতে। আরও একবার ব্যর্থ মনোরথে ২ রানে সাজঘরে ফিরে যান পন্টিং। প্রথম ইনিংসে রোচের বলে হাসপাতালে যেতে হয়েছিল পন্টিংকে আর এবার ড্রেসিংরুমে। তিন টেস্টে রোচের বলে তিনবারই আউট হলেন পন্টিং।
শুধু আউট হওয়াই নয়, পন্টিংয়ের এখন পাকিস্তানের বিরুদ্ধে মেলবোর্নে প্রথম টেস্ট খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে। ২৬ ডিসেম্বর ওই টেস্ট শুরু। এক্স-রে তে পন্টিংয়ের কনুইয়ের হাড়ে কোনো চিড় ধরা না পড়লেও স্ক্যান রিপোর্টে ধরা পড়েছে ভীষণভাবে থেঁতলে গেছে তার কনুইয়ের পেশি। এর ফলে ব্যাট ধরতে তো সমস্যা হবেই পন্টিংয়ের, তার ওপর ফের আঘাত পেলে সমস্যা আরও গুরুতর হতে পারে। ফিজিওর কথার ওপর ভর করেই ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে পন্টিংকে বিশ্রামে রাখার কথা গভীরভাবে বিবেচনা করছে। কনুইয়ে আঘাত পাওয়ার পর পন্টিং নিজেও স্বীকার করেছেন, তিনি পুরো শক্তিতে ব্যাটিং করতে পারছেন না।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?