Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

বাংলাদেশ লীগ আজ ফের শুরু

স্পোর্টস রিপোর্টার
সাফ ফুটবলের ষষ্ঠ আসর শেষ হয়েছে এক সপ্তাহও পেরোয়নি। সেমিফাইনাল থেকে স্বাগতিক বাংলাদেশ দলের বিদায়ের রেশ এখনও রয়ে গেছে ফুটবলাঙ্গনে। দক্ষিণ এশিয়ায় ‘বিশ্বকাপ’ বলে অভিহিত সাফ ফুটবলে ব্যর্থতার রেশ নিয়ে আজ থেকে ফের সিটিসেল বাংলাদেশ ফুটবল লীগ মাঠে গড়াচ্ছে। মূলত সাফ ফুটবলের প্রস্তুতির কারণে ৭ নভেম্বর বাংলাদেশ ফুটবল লীগের তৃতীয় রাউন্ড শেষে স্থগিত রাখা হয়। ৪২ দিনের বিরতি দিয়ে চতুর্থ রাউন্ডের উদ্বোধনী দিনে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ঢাকা আবাহনী ও মুক্তিযোদ্ধা এবং চট্টগ্রাম স্টেডিয়ামে বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম আবাহনী ও শেখ রাসেল মুখোমুখি হচ্ছে। সন্ধ্যা ৬টায় ম্যাচ নিয়ে প্রশ্ন উঠেছিল। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বিষয়টি দেখবেন বলে কথা দিয়েছিলেন। কিন্তু লীগ কমিটি আগের সিদ্ধান্তে অটল আছে। আগের তিন রাউন্ড শেষে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডান যুগ্মভাবে শীর্ষস্থান ধরে রেখেছে। পূর্ণ ৯ পয়েন্ট অর্জিত হয়েছে তাদের। এছাড়া সমানসংখ্যক ম্যাচে শেখ রাসেল ৭, ব্রাদার্স, ফরাশগঞ্জ, চট্টগ্রাম আবাহনী ও আরামবাগ ৫ পয়েন্ট নিয়ে আছে। চতুর্থ রাউন্ড উপলক্ষে ১৩টি দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। সাফ ফুটবল শেষে অনুশীলনে সবাই জোর দিয়েছেন আরও বেশি। সাফ ফুটবলে জাতীয় দলের ব্যর্থতার রেশ যে কিছুটা হলেও বাংলাদেশ লীগে প্রভাব ফেলবে তা একবাক্যে দুই বড় দলই স্বীকার করে নিচ্ছে। আবাহনীর ম্যানেজার সত্যজিত্ দাস রূপু বলেছেন, ‘অনেকদিন বিরতির পরে লীগ শুরু হচ্ছে। শুরুতে খেলার মধ্যে রিদম ছিল। সাফ ফুটবল শেষে এখন শুরুতে এই হৃদম থাকবে কি-না কিছুটা সংশয় রয়েছে।’ সাফ ফুটবলের রেশ নিয়ে জাতীয় দলের ম্যানেজার রূপুর কথা, ‘মানসিকভাবে কিছুটা সমস্যা রয়েছে। খেলোয়াড়দের কাছে ঘুরেফিরে বিষয়টি আসছেই। তারপরও এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। নতুন করে সবকিছু শুরু করার কথা বলা হয়েছে।’ ম্যানেজারের সঙ্গে আবাহনীর অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য ও একমত— ‘সবার মধ্যে সবকিছু সহ্য করার ক্ষমতা থাকা উচিত। ভালো ফুটবল উপহার দিলে মাঠে দর্শক আসবেই।’ রজনী ও মিশুর ইনজুরি থাকায় আজ মাঠে নামা নিয়ে সংশয় রয়েছে। মোহামেডান কোচ মারুফুল হক সাফ ফুটবলের দুটি প্রভাবের কথা উচ্চারণ করেছেন। একটি হলো মানসিক, অন্যটি শারীরিক। তার কথা, ‘খেলোয়াড়দের মধ্যে হতাশার ভাবটা এখনও আছে। সঙ্গে ৮ দিনে ৪ ম্যাচ খেলায় শারীরিকভাবে প্রভাব পড়েছে। বর্তমানে লীগের ব্যস্ত সূচি। সব মিলিয়ে প্রভাবটা থেকেই যায়।’ অধিনায়ক আরমান আজিজ বলেছেন, ‘লীগে প্রভাব পড়বে অস্বীকারের কোনো উপায় নেই। তারপরও লীগে ভালো খেলতে হবে।’ জাতীয় দলের অধিনায়ক আমিনুল হক মন্তব্য করেছেন, ‘হার-জিত থাকবেই, সবকিছু মেনে নিয়ে এগিয়ে যেতে হবে।’ শুরুতে মোহামেডান উইঙ্গার জাহিদ হোসেনকে পাচ্ছে না। ইনজুরি তাকে ভালোই ভোগাচ্ছে। মোহামেডান ও আবাহনী ছাড়াও অন্যান্য দল সাফের ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এসে প্রতিদ্বন্দ্বিতামূলক বাংলাদেশ লীগ খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?