কুলাউড়ায় বড়দিনকে বর্ণময় করে তুলতে প্রস্তুতি
কুলাউড়া প্রতিনিধি
খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব বড়দিনকে বর্ণময় করে তুলতে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে কুলাউড়ায়। বড়দিন যতই ঘনিয়ে আসছে কুলাউড়ার বিভিন্ন মার্কেট ও বিপণি বিতানগুলো ততই জমে উঠছে। প্রতিদিন শহরের অভিজাত বিপণি কেন্দ্র থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলো মুখর হয়ে উঠছে দূর পানপুঞ্জি থেকে আসা আদিবাসী নারী, পুরুষ ও শিশুদের পদভারে। এছাড়া খ্রিস্টান চা শ্রমিকরাও কেনাকাটায় ব্যস্ত রয়েছে। স্কার্ট, টপস, ভারি সালোয়ার-কামিজ, জ্যাকেট, জিন্স প্যান্ট, লিপস্টিক, বিন্দি টিপ, রঙিন পাথরের গহনা, নেইলপলিশ, চুড়ি ও প্রসাধন সামগ্রী খাসিয়া ও গারো তরুণীরা কেনাকাটা করছে। রাতব্যাপী গির্জা, প্রার্থনা সভাকক্ষ ও অনুষ্ঠান স্থলকে সাজিয়ে তোলা হচ্ছে। ক্রিসমাস ট্রি সাজাতে চলছে ব্যাপক আয়োজন। অগ্রিম বুকিং দেয়া হচ্ছে মাইক ও বৈদ্যুতিক জেনারেটর এবং প্যান্ডেল নির্মাণ কর্মীদের। বড়দিনের বাহারি কেক তৈরির অর্ডার দেয়া হচ্ছে কনফেকশনারিগুলোতে। আদিবাসী তরুণ নেতা সিলভেস্টার, মিঃ ইমিল, মিঃ রিগ্যান বলেন, বড়দিন উত্সবকে বর্ণময় ও উত্সবমুখর করে তুলতে আমরা ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছি। এ ব্যাপারে আমরা সবার সহযোগিতা কামনা করছি।
-
জাতীয়


সাধারণ বিভাগ
আবহাওয়া


