চুনারুঘাটে আখের ফলন ভালো
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
চুনারুঘাটে অন্যান্য বছরের তুলনায় এ বছর আখের ভালো ফলন হয়েছে। এছাড়া গুড়ের দাম বেশি হওয়ায় কৃষকরা আখ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলায় এ বছর প্রায় এক হাজার হেক্টর জমিতে আখ চাষ করা হয়, যা অন্যান্য বছরের তুলনায় বেশি। বন্যার পানি নেমে গেলে জমিতে যে পলি পড়ে তা আখ চাষে খুবই উপযোগী। উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে বাল্লা সীমান্তের দুধপাতিল গ্রাম পর্যন্ত খোয়াই নদীর প্রায় ২০ কিমিজুড়ে দুই পাড়ে শুধু আখ চাষ করা হয়েছে। প্রতি বছর হেমন্তের শুরু থেকে আখমাড়াই শুরু হয় ও বসন্তের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। মান্ধাতা আমলে আখমাড়াই যন্ত্র ও মহিষ দিয়ে এখানে আখ থেকে রস সংগ্রহ করে তারপর গুড় বানানো হতো। এতে প্রায় এক মণ গুড় বানাতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লেগে যায়। হবিগঞ্জের লস্করপুরে চিনিকল স্থাপনের দাবি প্রায় দুই যুগের। কৃষকরা চিনিকলের স্বপ্ন শুধুই দেখেই যাচ্ছেন, বাস্তবায়ন নিয়ে কোনো মাথাব্যথা কারও নেই। তার পরও কৃষকরা আখ চাষ করে যাচ্ছেন। বাজার ঘুরে দেখা গেছে, এ বছর প্রতি মণ গুড় ৯০০ থেকে ৯২০টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে।
-
জাতীয়


সাধারণ বিভাগ
আবহাওয়া


