Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

এক পলকে

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
মহান বিজয় দিবস উপলক্ষে মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। ইউএনও নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে উপজেলা চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুকুমল রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাস গুপ্ত, জাহানারা বেগম সেলি, থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম প্রমুখ। উপজেলা প্রশাসনের পক্ষে ৩৩১ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে শীতবস্ত্র তুলে দেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম। মাধবপুর প্রতিনিধি
পানিতে ডুবে শিশুর মৃত্যু
নওগাঁর রানীনগরে পানিতে ডুবে আরবি (৪) নামের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। গত বুধবার উপজেলার সিংগার পাড়া গ্রামের আবদুল হোসেনের শিশুকন্যা আরবি খেলাধুলা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পরে গ্রামের লোকজন বাড়ি সংলগ্ন পুকুরে শিশুর ভাসমান লাশ দেখতে পায়। ঘটনাটি থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে। রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
ফেনসিডিলসহ আটক
দিনাজপুর ডিবি পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পৃথক অভিযান চালিয়ে ১৬৬ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে। ডিবি পুলিশ বুধবার দিনাজপুর শহরের সর্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মনতাজ আলী নামে এক মাদক বিক্রেতাকে মাদকদ্রব্য বিক্রিকালে ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক করে। একই দিন তাজপুর গ্রামে অভিযান চালিয়ে মর্জিনা বেগম নামে এক মহিলা মাদক বিক্রেতাকে ৭৮ বোতল ফেনসিডিলসহ এবং শহরের নিমনগর শেখপুরা এলাকায় অভিযান চালিয়ে সফিক ইসলাম নামে এক মাদক বিক্রেতাকে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৪১ হাজার ৫শ’ টাকা। দিনাজপুর প্রতিনিধি
দুই গ্রুপ মুখোমুখি
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টেন্ডার ড্রপিং নিয়ে ক্ষমতাসীন দলের দুটি গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। গত মঙ্গলবার দু’গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। হাবিপ্রবি’র নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম লাঞ্ছিত হয়েছেন। গত মঙ্গলবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট সাড়ে ৪ কোটি টাকা কাজের টেন্ডার ড্রপিংয়ের শেষ দিন ছিল। চারটি নোটিশে ৯টি গ্রুপে যে কাজগুলো ছিল তার মধ্যে রয়েছে ভিসির বাসভবন সংস্কার ও এসি সরবরাহ, ৫২ সিটের একটি বাস সরবরাহ, ছাত্রী হোস্টেল ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, বাউন্ডারি ওয়াল নির্মাণ ও রাস্তা মেরামত কাজ। বেলা ১২টায় টেন্ডার ড্রপিংয়ের শেষ সময়ে ক্ষমতাসীন দলের মূল দলের একটি গ্রুপ ও ছাত্রলীগের একটি গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। দিনাজপুর প্রতিনিধি
ব্যতিক্রমী উদ্যোগ
বৃহস্পতিবার জেলার করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঈশাখাঁ সমাজকল্যাণ সমিতির সার্বিক সহযোগিতায় ৩৫৪ শিশুর খত্না অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে ইসলামপাড়া, মুসলিমপাড়া, কুর্শ্বাখালী, নামাপাড়া, রহিমপুর ও জঙ্গলবাড়ী এলাকাবাসী। দিনব্যাপী বিনামূল্যে সুন্নতে খত্নায় অংশগ্রহণকারী প্রত্যেক শিশুকে লুঙ্গি, গেঞ্জি, জুতা, টুপি ও প্রয়োজনীয় ওষুধ, বিনামূল্যে দেয়া হয় কিশোরগঞ্জ প্রতিনিধি
৩৩টি গজার মাছ নিধন
শায়েস্তাগঞ্জের ঐতিহ্যবাহী গজার মাছের ঘাটে (পুকুর) গত দুই সপ্তাহে ৩৩টি গজার মাছ মারা গেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর ছাউয়াল পীরের মাজারের কাছে গজার মাছের ঘাটটি অবস্থিত। এ ঘাটে রয়েছে শত বছরের পুরনো গজার মাছ। এ মাছ দেখার জন্য দূর-দূরান্ত থেকে প্রতিদিন শত শত লোক এখানে ভিড় জমায় এবং নানারকম মানত করে। এ ব্যাপারে মাজারের খাদেম সৈয়দ বদিউজ্জামান জানান, মাছের ঘাটের গজারগুলোর মধ্যে একে একে দুই সপ্তাহের মধ্যে ৩৩টি গজার মাছ মারা গেছে। মাছগুলো রেওয়াজ অনুযায়ী ঘাটের পাড়ে কবর দেয়া হয়েছে। শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
অ্যাসিড সন্ত্রাস বন্ধে মতবিনিময়
বৃহস্পতিবার কলারোয়ায় অ্যাকশন এইডস বাংলাদেশের উদ্যোগে স্বদেশ সাতক্ষীরার সহায়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে অ্যাসিড সন্ত্রাস প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমাজসেবক অধ্যাপক এমএ ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গাজী আসাদুজ্জামান কবির। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আঃ লতিফ, মহিলা অধিদফতরের কর্মকর্তা নাসরীন সুলতানা, মাওলানা আইয়ুব আলী, ইউপি চেয়ারম্যান তপন সাহা প্রমুখ। কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
অভিনন্দন
মাগুরা জেলা বিএনপির চৌরঙ্গী মোড় কার্যালয়ে গতকাল নবগঠিত বিদ্রোহী জেলা কমিটির প্রথম বর্ধিত সভায় পুনরায় দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তরিকুল ইসলাম স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়েছে। সভাপতি অ্যাডভোকেট মোকাদ্দেস হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইকবাল আখতার খান কাফুর, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, নাজিম উদ্দিন আহম্মদ, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, শাহেদ হাসান টগর, ফারুক আহম্মেদ বাবুল, খান হাসান ইমাম প্রমুখ। মাগুরা প্রতিনিধি
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?