আজ মীর মশাররফ হোসেনের ৯৮তম মৃত্যুবার্ষিকী : মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে ওঠেনি
সোহেল মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী)
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে নির্মিত বিশিষ্ট সাহিত্যিক মীর মশাররফ হোসেনের স্মৃতিকেন্দ্রটিকে ঘিরে সরকারিভাবে পর্যটন কেন্দ্র গড়ে ওঠার ঘোষণা আজও বাস্তবায়ন হয়নি। বর্তমানে সংস্কারের অভাবে স্মৃতিকেন্দ্রটি জৌলুস হারাতে বসেছে। আজ (১৯ ডিসেম্বর) মীর মশাররফ হোসেনের ৯৮তম মৃত্যুবার্ষিকী। স্মৃতিকেন্দ্র ঘুরে জানা গেছে, ১৮৪৭ সালের ১৩ নভেম্বর নানাবাড়ী কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে মীর মশাররফ হোসেন জন্মগ্রহণ করেন। রাজবাড়ীর পদমদী গ্রাম ছিল তার পৈতৃক ভিটা। সেই সুবাদে শৈশব ও কৈশোরের অনেকটা সময় এবং জীবনের শেষ কটা বছর এ গ্রামেই কাটিয়েছেন তিনি। পদমদী গ্রামেই ১৯১১ সালের ১৯ ডিসেম্বর চিরনিদ্রায় শায়িত হন মীর মশাররফ হোসেন। তার স্মৃতি ধরে রাখতেই এখানে ১৯৯ শতাংশ জমির ওপর নির্মিত হয় মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলা একাডেমীর তত্ত্বাবধানে ২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে নির্মিত স্মৃতিকেন্দ্রটি ২০০৫ সালের ২০ এপ্রিল উদ্বোধন করেন তত্কালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। উদ্বোধন অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন, মীরের স্মৃতিকেন্দ্রকে ঘিরে এ অঞ্চলে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। কোনো সংস্কার বা উন্নয়নমূলক কাজ না হওয়ায় ধীরে ধীরে তা নষ্ট হতে চলছে। স্মৃতিকেন্দ্রে ১শ’ আসনবিশিষ্ট একটি সভাকক্ষ, সংগ্রহশালা, দফতর, পাঠক, গ্রন্থাগার, সহকারী পরিচালকের কক্ষ, অভ্যর্থনা কক্ষ ও বিশেষ অতিথিদের থাকার জন্য একটি কক্ষ রয়েছে। কিন্তু কেন্দ্রের ভেতরের সব অব্যবস্থাপনার কারণে এখানে দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থী ও পর্যটকরা বিড়ম্বনার স্বীকার হচ্ছেন।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এটিএম মাহবুব-উল করিম বলেন, ১৯ ডিসেম্বর সকালে সাহিত্যিকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ ও মীর মশাররফ হোসেন কলেজও পৃথক পৃথকভাবে মৃত্যুবার্ষিকী পালন করছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এটিএম মাহবুব-উল করিম বলেন, ১৯ ডিসেম্বর সকালে সাহিত্যিকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ ও মীর মশাররফ হোসেন কলেজও পৃথক পৃথকভাবে মৃত্যুবার্ষিকী পালন করছে।
-
জাতীয়


সাধারণ বিভাগ
আবহাওয়া


