Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০০৯, ৩ পৌষ ১৪১৬, ২৯ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

কুমিল্লা ভার্সিটির অচলাবস্থা কাটেনি : অনিশ্চয়তার মুখে শিক্ষার্থীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা এখনও কাটেনি। চরম অনিশ্চয়তার মুখে বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী। নানামুখী রাজনৈতিক সংঘাত-সংঘর্ষের ফলে দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় মুখ থুবড়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। এদিকে ভিসির পদত্যাগের পর নতুন ভিসি দায়িত্ব গ্রহণ করলেও ক্যাম্পাস খোলার ব্যাপারে কোনো সুপরিকল্পিত তত্পরতা লক্ষ্য করা যাচ্ছে না।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, রাজনীতিমুক্ত ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ত্রিমুখী রাজনৈতিক সংঘর্ষের ফলে প্রায় ৪ মাস ধরে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়র একাডেমিক কার্যক্রম। ভয়াবহ সেশনজটে পড়তে হচ্ছে তাদের। জানা যায়, শিক্ষক সঙ্কট, ক্লাসরুম সঙ্কট, প্রশাসনিক অদক্ষতা, অবকাঠামোগত নানামুখী সমস্যার ফলে ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ৩ বছরে শেষ করেছে মাত্র ৩টি সেমিস্টার! অথচ শেষ করার কথা ছিল ৬ সেমিস্টার। এমনিভাবে সেশনজটে পড়তে হচ্ছে প্রত্যেক ব্যাচের শিক্ষার্থীদের। এ বছর ৩টি নতুন বিভাগ খুললেও শিক্ষক নিয়োগের কোনো প্রক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে না। সব বিভাগেই শিক্ষক সঙ্কট রয়েছে। চতুর্থ ব্যাচের ভর্তি প্রক্রিয়া এর মধ্যে শুরু হয়েছে। খুব শিগগিরই শিক্ষক নিয়োগ না দিলে সঙ্কট আর চরম আকার ধারণ করবে। সর্বশেষ গত ৭ অক্টোবর ছাত্রলীগ-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ক্যাম্পাস। ছাত্রলীগ এবং শিক্ষকদের একটি গ্রুপের আন্দোলনের ফলে ১২ নভেম্বর ভিসির পদ থেকে পদত্যাগ করেন ড. জেহাদুল করিম। তিনি জানান, স্থানীয় রাজনীতিবিদদের নানামুখী চাপের ফলে সুনির্দিষ্টভাবে দায়িত্ব পালন করতে না পারায় তিনি পদত্যাগ করেছেন। ছাত্র আন্দোলনের ফলে প্রতিষ্ঠার ৩ বছরেই ভিসি পরিবর্তন হয়েছে ৩ জন। কিন্তু বারবার ভিসি পরিবর্তন হলেও শিক্ষার্থীদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশ্ন, রাজনীতিমুক্ত হিসেবে প্রতিষ্ঠিত দেশের নবীন এ বিশ্ববিদ্যালয়টিকে নিয়ে কেন এত রাজনীতি? সবার দাবি সমঝোতা করে যত তাড়াতাড়ি সম্ভব ক্যাম্পাস খুলে দেয়া হোক। রাজনীতির রাহুগ্রাস থেকে এ বিশ্ববিদ্যালয়কে মুক্ত করা হোক। ক্যাম্পাস খোলার ব্যাপারে ভিসি ড. আমির হোসেন খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে খুব শিগগিরই ক্যাম্পাস খুলে দেয়া হবে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?