Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০০৯, ৩ পৌষ ১৪১৬, ২৯ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপিত

আমার দেশ ডেস্ক
গতকাল ছিল মহান বিজয় দিবস। সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কাঙালি ভোজ, মিলাদ মাহফিল প্রভৃতি। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
ভৈরব : স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী, সামাজিক এবং পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে ভৈরব স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, অভিবাদন গ্রহণ এবং মুক্তিযোদ্ধা, পুলিশ, বিএনসিসি, আনসার-ভিডিপি, বেসামরিক বাহিনী, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিশু-কিশোর সংগঠনের সদস্যরা কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করে।
শিশু-কিশোরদের জন্য বিনা টিকিটে স্থানীয় সিনেমা হলগুলোতে দেখানো হয় মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র। উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে।
সুনামগঞ্জ : বিএনপি, আওয়ামী লীগ, সুনামগঞ্জ পৌরসভা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সুনামগঞ্জ প্রেসক্লাব, ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
দুপুরে শহীদ আবুল হোসেন মিলনায়তনে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয় জেলা প্রশাসন।
মাগুরা : সকাল সাড়ে সাতটায় নোমানী ময়দানের স্মৃতিস্তম্ভে প্রশাসন, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
স্টেডিয়ামে পুলিশ, আনসার, স্কাউটসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বাকৃবি : উপাচার্য অধ্যাপক ড. এমএ সাত্তার মণ্ডলের নেতৃত্বে জাতীয় বিজয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করা হয়। সকাল সাড়ে দশটায় উপাচার্যের নেতৃত্বে জাতীয় বিজয় দিবস উদযাপন কমিটি, শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক ফোরাম, সোনালী দল, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, জিয়া পরিষদ, সাংবাদিক সমিতি, বিভিন্ন ছাত্রসংগঠন, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠন ও সংস্থা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কেন্দ্রীয় স্মৃতিসৌধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব, জাসদ, ছাত্রলীগ, ছাত্রদল, বর্ণমালা সংসদ, সচেতন নাগরিক কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি-বেসরকারি সংস্থার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে স্থানীয় শহীদ সাটু হলে শহীদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কেএম আলী আজম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুস সামাদ, মোঃ আলাউদ্দিন, ওমর আলী প্রমুখ।
গোপালগঞ্জ : বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর কবরের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্ল্যাহ, সাংগঠনিক সম্পাদক আ,ফ,ম, বাহাউদ্দিন নাছিম, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি মোহাম্মদ আলী খান আবু মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, আমিনুল ইসলাম আমিন, এমদাদুল হক চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোঃ আবু কাওছার, অ্যাডভোকেট ইকবাল হোসেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা মঞ্জুর আলম শাহীন, মোয়াজ্জেম হোসেন, আ’লীগ নেতা মাহাবুব আলী খান, শেখ আব্দুল হালিম, আবুল বশার খায়ের, উপজেলা চেয়ারম্যান সেলায়মান বিশ্বাস, মোঃ আসলাম সরদার, জি,এম, শাহাবুদ্দিন আজম, এমবি সাইফসহ কেন্দ্রীয়, স্থানীয় আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুর : এ উপলক্ষে বিভিন্ন ভবন সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা সমাবেশ ও সংবর্ধনা ছাড়াও শিশুদের চিত্রাঙ্কন, ফুটবল প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনের সবচেয়ে আকর্ষণীয় কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানটি জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।গাজীপুর : গাজীপুর স্টেডিয়ামে বিভিন্ন স্কুল, কলেজ ও সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। বঙ্গতাজ অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। বিএনপির উদ্যোগে আলোচনা সভায় নাজিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
নোয়াখালী : রাত ১২টা ১ মিনিটে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ, বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদের নেতৃত্বে বিএনপি, জেলা জাপার সেক্রেটারি মোবারক হোসেন আজাদের নেতৃত্বে জাতীয় পার্টি, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউছুফ ও সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন কিরণের নেতৃত্বে প্রেসক্লাবের সদস্যবৃন্দ, মুুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে।
সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ ভুলু স্টেডিয়ামে কুচকাওয়াজ, শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
পটুয়াখালী : সকাল সাড়ে ৯টায় পটুয়াখালী স্টেডিয়ামে আনুষ্ঠানিক কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া ও জেলা প্রশাসক মোঃ রিয়াজ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শৈবাল কান্তি চৌধুরী।
নীলফামারী : সকালে নীলফামারী স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ফরহাদ হোসেন। সেখানে বিজয় দিবসের কুচকাওয়াজ এবং ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগের একটি বর্ণাঢ্য বিজয় র্যালি শহর প্রদক্ষিণ করে। বিকালে নীলফামারী পৌরসভার স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
এর আগে ১৫ ডিসেম্বর সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোট স্থানীয় স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি পালন উপলক্ষে জেলার জলঢাকা, ডোমার, ডিমলা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
জামালপুর : বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে গতকাল জামালপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, পৌরসভা, আওয়ামী সাংস্কৃতিক লীগসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জামালপুরের জেলা প্রশাসক কমল কৃষ্ণ ভট্টাচার্য। একই সময় স্টেডিয়ামে যুব রেড ক্রিসেন্ট সোসাইটি রক্তদান কর্মসূচির আয়োজন করে। দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও একাত্তরের চেতনায় মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ দুপুরে শহরে বিজয় র্যালি বের করে।
মাদারীপুর : সকাল ৭টায় শুকনী লেকের পাড়ে দৌড় প্রতিযোগিতা, সকাল সাড়ে ৮টায় স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৯টায় মাদারীপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক শশী কুমার সিংহ জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পাবনা : দুর্জয় পাবনায় ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় পাবনার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, গণফোরাম, পাবনা প্রেসক্লাব, দৈনিক আমার দেশ পাঠকমেলাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে। সকালে পাবনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শামছুল হক টুকুর নেতৃত্বে একটি বিজয় মিছিল শহর প্রদক্ষিণ করে।
টাঙ্গাইল : সকাল সাড়ে ৯টার সময় টাঙ্গাইল স্টেডিয়ামে শিশু-কিশোরদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে অভিবাদন ও সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী। এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
মেহেরপুর : কুচকাওয়াজে মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ জামালউদ্দিন জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন। এ সময় কুচকাওয়াজস্থলে সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এছাড়া নালিতাবাড়ী, বাজিতপুর, পাথরঘাটা, কালাই, দৌলতপুর, হোমনা, কাপাসিয়া, তিতাস, পটিয়া, বুড়িচং, কালিহাতী, কাউখালী, সোনাইমুড়ী, রাজগঞ্জ, মোহনগঞ্জ, দেবীদ্বার, পাকুন্দিয়া, ঝিনাইগাতী, জিয়ানগর, নকলা, নাগরপুর, স্বরূপকাঠি, কোম্পানীগঞ্জ, পাংশা, এনায়েতপুর ও ফুলবাড়ীতে কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?