Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০০৯, ৩ পৌষ ১৪১৬, ২৯ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

বরিশালের উন্নয়নে বাধা : বিদ্যুত্ ও গ্যাস সঙ্কট

জিএম বাবর আলী/আবু জাফর সাইফুদ্দি, বরিশাল
বরিশালের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও প্রসারে ভোলা থেকে গ্যাস সরবরাহে অনিশ্চয়তাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সমস্যাকে চিহ্নিত করে তা দূর করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। চিহ্নিত সমস্যার মধ্যে রয়েছে বিদ্যুত্ সঙ্কট, বন্দর অব্যবস্থাপনা, শিল্প-কারখানায় বিনিয়োগ পরিবেশের অভাব, নিরাপত্তা ঝুঁকি ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। একই সঙ্গে প্রয়োজন বাণিজ্য উদ্যোক্তাদের সমন্বয়। বরিশাল চেম্বার অব কমার্স ও এশিয়া ফাউন্ডেশন আয়োজিত এক সংলাপে এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের দাবি জানানো হয়।
সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন মেট্টোপলিটন পুলিশ কমিশনার আব্দুর রহিম। চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে সংলাপে বক্তৃতা করেন নতুনবাজার কল্যাণ সমিতির সহ-সভাপতি উত্তম সাহা, পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম ধর, বিসিক ম্যানেজার আব্দুস সালাম, পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক কায়সার আহাম্মেদ, নারী উদ্যোক্তাদের পক্ষে নিগার সুলতানা হনুফা, ক্ষুদ্রঋণ প্রদানকারীদের পক্ষে রফিকুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এশিয়া ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক সৈয়দ আল মতি। এছাড়া সংলাপে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সংলাপে বক্তারা বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে উন্নত ও সমৃদ্ধশালী করতে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের বিকল্প নেই। আর ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও প্রসারে প্রয়োজন পর্যাপ্ত বিদ্যুত্ সরবরাহ, নিরাপত্তা, উন্নত যোগাযোগ ব্যবস্থাসহ অন্যান্য সঙ্কট দূর করা। এসব সমস্যা দূরীকরণে বক্তারা সরকার, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানান।
বক্তারা বলেন, দেড়যুগ ধরে ভোলার শাহবাজপুর থেকে বরিশালে গ্যাস সরবরাহের দাবি জানালেও কোনো সরকারের আমলে তা বাস্তবায়ন হয়নি। অথচ এ গ্যাস সরবরাহের ফলে দ্রুত বরিশাল হয়ে উঠতে পারে সমৃদ্ধ শিল্পনগরী। সেক্ষেত্রে অসংখ্য মানুষের কর্মসংস্থান হওয়া ছাড়াও অবহেলিত বরিশালসহ দক্ষিণাঞ্চল হয়ে উঠবে সমৃদ্ধ এলাকা।
সংলাপে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সহযোগিতা ছাড়াও উদ্যোক্তাদের সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে উন্নত যোগাযোগ ব্যবস্থা, স্থানীয় বাজার ব্যবস্থা শক্তিশালীকরণ ও অবকাঠামো উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। এছাড়াও সংলাপে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কয়েকটি বিষয়ের উপর ভিন্ন ভিন্নভাবে আলোকপাত করা হয়।
ঘন ঘন লোডশেডিং আর লো-ভোল্টেজের কারণে শিল্পকারখানাগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক্ষেত্রে পর্যাপ্ত বিদ্যুত্ সরবরাহের দাবি জানিয়ে বিদ্যুত্ লাইন সংস্কার ও লোডশেডিংয়ের সময় আগে থেকে জানিয়ে দেয়ার প্রস্তাব করা হয়।
নগরীর উত্তরপ্রান্তে অবস্থিত বিসিক শিল্পনগরীর নিরাপত্তা ইস্যুটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সংলাপে। নিরাপত্তা না থাকায় এ এলাকায় শিল্পমালিক, শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরাও যেতে চান না। এক্ষেত্রে বরিশালের অন্যান্য স্থানের পাশাপাশি বিসিক শিল্পনগরীকে পুলিশি টহল নিয়মিত ও জোরদার করার প্রস্তাব দেয়া হয়।
ঋণ প্রাপ্তি, সরকারি ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা এবং বহির্বিশ্বে ব্যবসার প্রচার ও প্রসারে ট্রেড লাইসেন্সে ব্যবসা শুরুর তারিখ উল্লেখ রাখার প্রতি গুরুত্বারোপ করা হয়। দক্ষিণাঞ্চলের অসংখ্য মানুষ এখন পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত। পোল্ট্রিজাত পণ্যের পাইকারি বাজার অবতরণ কেন্দ্র স্থাপন করার দাবি জানানো হয়। সংলাপে নারী উদ্যোক্তাদের পক্ষ থেকে সহজ শর্তে ঋণ প্রদানে দাবি জানানো হয়। বরিশালসহ দক্ষিণাঞ্চল মাছের জন্য বিখ্যাত। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশে এ অঞ্চলের মাছ রফতানি করা হয়। কিন্তু এখানে নেই মত্স্য প্রক্রিয়াজাতকরণ প্লান্ট। দ্রুত বরিশালে একটি প্রক্রিয়াজাত প্লান্ট স্থাপনের পাশাপাশি প্রকৃত জেলেদের সহজ শর্তে ঋণ প্রদানের দাবি করা হয়।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?