Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০০৯, ৩ পৌষ ১৪১৬, ২৯ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

আমার কথা : ওদের নিরাপত্তা আমাদের দায়িত্ব

এ যুগে কাজের লোক ছাড়া চলাটা যেন একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাসার কাজের লোকটি যদি দু’দিনের জন্য ছুটিতে যায় তাহলেই সবার মাথায় হাত। বাসা-বাড়িতে ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি কাজ করে থাকে। গ্রামের অনেক অসহায় পরিবারের মেয়েরা তাদের পরিবারে একটু সচ্ছলতা আনার জন্য অথবা বৃদ্ধ বাবা-মা, ছোট ভাই-বোনদের মুখে দু’বেলা দু’মুঠো খাবার জোগাতে পাড়ি জমায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা শহরের বাসাবাড়িগুলোতে, খুব অল্প বেতনে তারা একটি সংসারের যাবতীয় কাজ করে থাকে। কিন্তু এর বিনিময়ে তাদের সহ্য করতে হয় নানা ধরনের মিথ্যা অপবাদসহ শারীরিক ও মানসিক নির্যাতন।
এই তো সেদিন পাশের বাসার কাজের মেয়েটি আত্মহত্যা করেছে। আত্মহত্যার আগে লেখাপড়া না জানা মেয়েটি লিখে গেল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’, তাহলে চিরকুটটি লিখল কে? এটি কি সত্যিই আত্মহত্যা না হত্যা? প্রশ্ন থেকেই যায়। অনেকে আবার বলাবলি করছিল মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল। একটি অবিবাহিত মেয়ে একটি বাসায় কাজ করতে এসে কীভাবে অন্তঃসত্ত্বা হলো, কে তার এমন সর্বনাশ করল তা নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গেলে যা জানা যাবে তা হলো মেয়েটির চরিত্র খারাপ। বাসার দারোয়ানের সঙ্গে অথবা পাশের দোকানের কোনো কর্মচারীর সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল। এখন লোক জানাজানি হওয়ায় সে আত্মহত্যা করেছে। তখন সবাই আসল ঘটনা না জেনে মেয়েটিকে খারাপ ভাবতে থাকে। কিন্তু এই মেয়েটি যে বাসায় কাজ করে সে বাসার গৃহকর্ত্রীর স্বামী বা ছেলে যে অপকর্মটি করেনি, তা কি তিনি নিশ্চিতভাবে বলতে পারবেন?
আমাদের সমাজে এমন অনেক ঘটনাই ঘটছে প্রতিনিয়ত। লোকলজ্জার ভয়ে অনেক গৃহিণী যখন বুঝতে পারেন তার স্বামী বা সন্তানের খারাপ দৃষ্টি পড়েছে বাসার কাজের মেয়েটির ওপর তখন তিনি মিথ্যা অপবাদ দিয়ে মেয়েটিকে তাড়িয়ে দেন বাসা থেকে। কিন্তু এভাবে কতদিন মেয়েদের জীবন কাটাতে হবে? আমরা যারা লোক দেখানো সভ্যজগতে বাস করি তারা কি চিরকাল এমনই থাকব? পরিবর্তন কি হবে না আমাদের? আমরা কি কোনোদিনই পারব না আমাদের বাসার কাজের মেয়েটিকে আমার বোনের মতো কিংবা মেয়ের মতো আপন ভাবতে? নিজের বোনের মতো বা মেয়ের মতো ওই মেয়েটিকে নিরাপত্তা দিতে পারব না কি কোনোদিন?
— রাজিয়া সুলতানা স্মৃতি
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?