Amardesh
আজঃ ঢাকা, রোববার ১৩ ডিসেম্বর ২০০৯, ২৯ অগ্রহায়ণ ১৪১৬, ২৫ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ওয়ার্ড

স্টাফ রিপোর্টার
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি ক্রমেই শক্তি সঞ্চয় করছে। ওমানের আঞ্চলিক ভাষায় এর নাম দেয়া হয়েছে ‘ওয়ার্ড’। যার অর্থ গোলাপ ফুল। আবহাওয়াবিদরা বলছেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তিশালী হয়ে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। গভীর সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার ও মংলাকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, চেনার জন্য প্রত্যেকটি ঘূর্ণিঝড়ের আলাদা একটি নাম দেয়ার নিয়ম রয়েছে। ভারত মহাসাগরীয় দেশগুলো একটি কমিটি করে কিছু নাম চূড়ান্ত করে রেখেছে। ধারাবাহিকভাবে সেখান থেকে নাম দেয়া হয়। তারই ধারাবাহিকতায় সিডর, নারর্গিস, মালা, আইলার পর এই ঝড়টির নাম হয়েছে ওয়ার্ড।
এদিকে বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত কুয়াশার তীব্রতা কাটবে না বলে জানিয়েছে আবহওয়া আধিদফতর। শুক্রবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। গতকাল বিকালে চট্টগ্রাম বন্দর থেকে ১৫৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি। ঝড়টি কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১৫১৫ ও মংলা সমুদ্রবন্দর থেকে ১৪৮০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঝড়টি আরও শক্তি সঞ্চয় করে উত্তর-পশ্চিমে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় ক্রেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার, যা ঝড়ো হাওয়ার আকারে ৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ওয়ার্ড ক্রমশ শক্তিশালী হয়ে বাংলাদেশ ও ভারত উপকূল অভিমুখে এগুচ্ছে। তবে এটি আরও কাছাকাছি না এলে নিশ্চিত বলা যাবে না, ঝড়টি বাংলাদেশ উপকূলের দিকে আসবে কিনা।
এদিকে মৌসুমী বৃষ্টিপাত না হওয়ায় কুয়াশার প্রকোপ আরও দুয়েকদিন থাকবে। এ কারণে আগামী ২/৩ দিন পর শীতের তীব্রতা আরও বাড়বে। চলতি সপ্তাহে দেশের ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে কনকনে শীত পড়বে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।
আমতলী (বরগুনা) প্রতিনিধি জানান, কোপেনহেগেনে জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন যখন চলছে সে মুহূর্তে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। উপকূল এলাকা ঘন কুয়াশায় ঢেকে গেছে। অসময় নিম্নচাপে সৃষ্টি হওয়ায় দ্রুত তাপমাত্রা হ্রাস পেয়েছে। প্রকৃতির এই অস্বাভাবিক আচরণ আবহাওয়াবিদদের দুশ্চিন্তায় ফেলেছে।
যে মুহূর্তে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে তোলপাড় শুরু হয়েছে সে মুহূর্তে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় আবহাওয়াবিদরা জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। খেপুপাড়া ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ প্রদীপ চক্রবর্তী জানান, পূর্ব মধ্যবর্তী বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে।
জলবায়ু বিষয়ের ওপর কাজ করে আমতলীর বেসরকারি সংস্থা এনএসএস। এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না বলেন, শীত মৌসুমে বঙ্গোপসাগরে ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। এ তাপমাত্রায় নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না। অসময়ে হঠাত্ নিম্নচাপ সৃষ্টির পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাব থাকতে পারে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?