Amardesh
আজঃ ঢাকা, রোববার ১৩ ডিসেম্বর ২০০৯, ২৯ অগ্রহায়ণ ১৪১৬, ২৫ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

এফবিসিসিআই’র ১০ হাজার চাকরি দেয়ার প্রতিশ্রুতি

অর্থনৈতিক রিপোর্টার
আগামী ৬ মাসের মধ্যে ৭ থেকে ১০ হাজার বেকার নারী-পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি এবং বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সহযোগিতায় দেশের বিভিন্ন হস্তচালিত বেকারি শিল্পপ্রতিষ্ঠান এবং রেস্তোরাঁয় এ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ১৮ বছরের বেশি বয়সী বেকার পুরুষ ও মহিলাদের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে সরাসরি বিভিন্ন বেকারি শিল্পপ্রতিষ্ঠান এবং রেস্তোরাঁয় চাকরি দেয়া হবে। এ জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন হবে না। এফবিসিসিআই ফাউন্ডেশনের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে গতকাল এফবিসিসিআই সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চেম্বার সভাপতি আনিসুল হক কর্মসংস্থানের এ প্রতিশ্রুতি দেন। তিনি ফাউন্ডেশন গঠনের উদ্দেশ্য ও কার্যপরিধি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন। এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি আবুল কাশেম আহমেদ, সহ-সভাপতি আবু আলম চৌধুরী এবং পরিচালকরাসহ বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এফবিসিসিআই সভাপতি বলেন, দেশের দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, মানবসম্পদ উন্নয়ন প্রভৃতি উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের বেকার শ্রমশক্তির জন্য বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য ফাউন্ডেশন ‘কর্মসংস্থান প্রকল্প’ এবং ‘এক পরিবার-এক ব্যবসায়ী’ প্রকল্প হাতে নিয়েছে। গত ৩১ আগস্ট এফবিসিসিআই পরিচালনা পর্ষদের সদস্যরা এ ফাউন্ডেশন গঠনের অনুমোদন দেন।
এ প্রকল্পের আওতায় নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষানবিস হিসেবে প্রতিমাসে দেড় হাজার টাকা হারে ৬ মাস পারিশ্রমিক দেয়ার পাশাপাশি বিনামূল্যে নাশতাসহ দুবেলা খাওয়া, বাসস্থান, চিকিত্সা, চুল ছাঁটা প্রভৃতি সুবিধা দেয়া হবে। সাফল্যজনকভাবে ৬ মাস অতিবাহিত হলে প্রার্থীকে চাকরিতে স্থায়ী করা হবে। স্থায়ী চাকরিপ্রাপ্তদের বেকারিতে মাসিক ন্যূনতম দুই হাজার এবং রেস্তোরাঁয় ন্যূনতম ১ হাজার ৮০০ টাকা হারে পারিশ্রমিক প্রদান করা হবে। সেসঙ্গে বিনামূল্যে থাকা, খাওয়া, চিকিত্সা প্রভৃতি সুবিধা অব্যাহত থাকবে। তবে চাকরিগ্রহণকারীকে অবশ্যই প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানে কমপক্ষে এক বছর চাকরি করতে হবে।
এছাড়া প্রাথমিকভাবে ২৫০ বেকার মহিলাকে বিভিন্ন বেকারি শিল্পপ্রতিষ্ঠানে নিয়োগ দেয়া হবে। মহিলাদের ক্ষেত্রে শিক্ষানবিস ও স্থায়ী উভয় সময়েই ৪ হাজার টাকা মাসিক পারিশ্রমিক প্রদান করা হবে এবং সেসঙ্গে চাকরিদাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুধু বিনামূল্যে নাশতাসহ দুবেলা খাবার দেয়া হবে।
সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহযোগিতায় বিভিন্ন সাইবার ক্যাফে প্রতিষ্ঠানে ৩০০ থেকে ৫০০ শিক্ষিত বেকার যুবককে ‘সিস্টেম সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট’ পদে চাকরি প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে। নিয়োগপ্রাপ্তদের ৬ মাসের ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে। এ সময় তাদের মাসিক আড়াই হাজার টাকা করে দেয়া হবে। প্রশিক্ষণ শেষে স্থায়ী নিয়োগপ্রাপ্তদের মাসিক ৩ হাজার টাকা পারিশ্রমিক দেয়া হবে; তবে অন্য কোনো সুবিধা দেয়া হবে না। তবে চাকরিগ্রহণকারীকে অবশ্যই প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানে কমপক্ষে এক বছর চাকরি করতে হবে।
এ প্রকল্পের আওতায় চাকরি গ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে সরাসরি অথবা নিজ নিজ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাধ্যমে আবেদন করতে হবে।
এক পরিবার-এক ব্যবসায়ী প্রকল্প : এফবিসিসিআই ফাউন্ডেশন ‘এক পরিবার-এক ব্যবসায়ী’ প্রকল্পের আওতায় সীমিতভাবে দরিদ্র পরিবারের একজন বেকার সদস্যকে স্বনির্ভর করার উদ্যোগ নিয়েছে; যা ধীরে ধীরে সারাদেশে সম্প্রসারিত হবে। প্রাথমিকভাবে আগামী জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে অন্তত ৩০০ দরিদ্র যুবক ও মহিলাকে স্বাবলম্বী করে দেয়ার ব্যবস্থা করা হবে।
ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং এফবিসিসিআই পরিচালক নূরুল ফজল বুলবুল বলেন, এক পরিবার-এক ব্যবসায়ী প্রকল্পের মাধ্যমে বেকারদের ক্ষুদে ব্যবসায়ী হিসেবে স্বনির্ভর করার উদ্যোগ নেয়া হবে। যোগ্য আবেদনকারীদের ব্যবসা শুরু করতে কমপক্ষে ২৫ হাজার টাকা দেয়া হবে। তিনি বলেন, এফবিসিসিআই পরিচালকদের সহযোগিতায় এরই মধ্যে ৩৮ লাখ টাকার তহবিল গঠন করা হয়েছে। তহবিলের পরিমাণ ১ কোটি টাকায় উন্নীত করা হবে।
কর্মসংস্থান প্রকল্পে আগ্রহী চাকরিপ্রার্থীদের সহযোগিতা দিতে এফবিসিসিআইয়ে একটি ডেস্ক কাজ করছে। এ বিষয়ে আগ্রহীরা প্রয়োজনীয় তথ্যের জন্য নিম্নোক্ত টেলিফোন নম্বরে যোগাযোগ করতে পারেন : ল্যান্ড ফোন পিএবিএক্স : ৯৫৬০১০২-৩, আবদুল মান্নান-০১৮১৭১৪২৬১৬, পিএবিএক্স এক্স-২৪৭, মামুনুর রহমান-০১৭১১৮০৩১৩১, পিএবিএক্স এক্স-১৫৯, হারুন আর রশিদ-০১৮১৯২৪৫৫৭৭, পিএবিএক্স এক্স-১৬০, নূরুল হুদা-০১৭১২৫৬৯৪০৫, পিএবিএক্স এক্স-২২২, কুলদীপ দত্ত-০১৭১৬৬২৯৫৫৯, পিএবিএক্স এক্স-২৩০, মোঃ ওয়ালিয়ার রহমান-০১৫৫২৩২১৬৩৬, পিএবিএক্স এক্স-২৪৭।
এছাড়া এফবিসিসিআই’র অভ্যর্থনা কক্ষ ও নোটিশ বোর্ডে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?