Amardesh
আজঃ ঢাকা, রোববার ১৩ ডিসেম্বর ২০০৯, ২৯ অগ্রহায়ণ ১৪১৬, ২৫ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ঢাবির বর্ণাঢ্য সমাবর্তনে রাষ্ট্রপতি : প্রযুক্তির অগ্রযাত্রায় শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান বৈশ্বিক সমস্যা সমাধানে গবেষণা ত্বরান্বিত করুন : ড. লি

স্টাফ রিপোর্টার
তথ্য-প্রযুক্তি ও জীব-প্রযুক্তির অগ্রযাত্রায় পুরোপুরি সম্পৃক্ত হতে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ জিল্লুর রহমান। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৫তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ‘সমাবর্তন বক্তা’ নোবেল বিজয়ী বিজ্ঞানী অধ্যাপক ড. ইউয়ান টি লি বৈশ্বিক সমস্যা সমাধানে শিক্ষা ও গবেষণা কার্যক্রম ত্বরান্বিত করার আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে গতকাল ৯ হাজার ৫৮ জন অনার্স, মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রিধারীকে সার্টিফিকেট দেয়া হয়। এতে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিশিষ্টজনসহ ১২ সহস্রাধিক বিদ্যানুরাগী অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের ৪৫তম সমাবর্তনে নোবেল বিজয়ী বিজ্ঞানী অধ্যাপক ইউয়ান টি লি ও ‘সোনো ফিল্টারে’র আবিষ্কারক বিজ্ঞানী আবুল হুসসামকে সম্মানসূচক ‘ডক্টর অব সায়েন্স’ এবং ভারতের অধ্যাপক রনজিত্ গুহকে ‘ডক্টর অব লিটারেচার’ ডিগ্রি দেয়া হয়। বিজ্ঞানী আবুল হুসসাম ও অধ্যাপক রনজিত্ গুহ’র জন্ম বাংলাদেশে। তবে তারা গতকাল সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তাদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সম্মাননাপত্র ও ক্রেস্ট গ্রহণ করেন। বিজ্ঞানী আবুল হুসসামের পাঠানো লিখিত বক্তৃতা পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান।
দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উন্নত ও মর্যাদাশীল দেশ গড়ায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সমাবর্তনের সভাপতি ও রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান বলেন, সরকার ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার কার্যক্রমে সবাইকে অংশ নিতে হবে। আর্থ-সামাজিক ক্ষেত্রে প্রত্যাশিত উন্নয়ন ও অগ্রগতি অর্জনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উত্কর্ষের ফলাফল জনগণের কাছে পৌঁছে দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এ উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব।
সমাবর্তন বক্তব্যে অধ্যাপক ইউয়ান টি লি বলেন, চলমান সমস্যাগুলো অনেকটা সার্বজনীন হয়ে উঠেছে। জলবায়ু পরিবর্তনের দুর্ভোগ সব দেশেই কমবেশি ছড়িয়ে পড়েছে। বেশ ক’টি উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এসব বৈশ্বিক সমস্যা সমাধানের পথ বের করতে গবেষণা কার্যক্রম ত্বরান্বিত করতে হবে। বিশ্বের কোনো একটি অংশেও যদি জনসংখ্যার আধিক্য, দারিদ্র্য, রোগব্যাধি, নিরক্ষরতা, শিক্ষা বৈষম্য ও বেকারত্ব বিরাজমান থাকে, তাহলে আন্তঃসম্পর্কিত এ বিশ্বের কোনো দেশই নিরাপদ থাকবে না। এ জন্য শিক্ষা ও গবেষণাকে সার্বজনীন দৃষ্টিভঙ্গিতে ছড়িয়ে দেয়ার পরামর্শ দিয়ে অধ্যাপক ড. ইউয়ান টি লি বলেন, সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ উদ্যোগ নিতে হবে। এছাড়া জ্ঞান ও শিক্ষণের প্রতি গভীর ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গ্লোবাল ভিলেজের ধারণা সবার জন্য সমান নিশ্চিত করতে হবে।
বিজ্ঞানী হুসসামের পাঠানো লিখিত বক্তব্যে বলা হয়, বিশ্ববিদ্যালয় পর্যায়ে মুখস্থ বিদ্যার অভ্যাস আমাদের সৃজনশীলতা নষ্ট করে ফেলছে। উচ্চশিক্ষার পরিমণ্ডল দিন দিন সঙ্কীর্ণ হয়ে পড়ছে উল্লেখ করে তিনি উদ্বেগ প্রকাশ করেন। পাঠ্যক্রমের বাইরে সৃজনশীল নানা বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা দান করতে হবে। এর মাধ্যমে নতুন প্রজন্মকে সোজা পথে চলার সুযোগ করে দেয়ার জন্য তিনি আহ্বান জানান।
ভিসি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক দেশপ্রেমের ভিত্তিতে অর্জিত শিক্ষার আলোকে পেশাগত জীবনে দেশগঠনে ভূমিকা রাখতে গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সংস্কৃতি হিসেবে হলেও সর্বত্র গণতন্ত্র ও মুক্তবুদ্ধির চর্চা নিশ্চিত করতে হবে। প্রো-ভিসি অধ্যাপক ড. হারুন অর রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা থেকে শুরু করে বাংলাদেশ সৃষ্টির গতিধারায় অনন্য অবদানের দৃষ্টান্ত তুলে ধরেন। তিনি বাংলাদেশকে এগিয়ে নিতে আত্মনিয়োগ করতে নতুন গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান জানান।
বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট ও অধিভুক্ত প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটদের ডিগ্রি ও পদক প্রদানের জন্য চ্যান্সেলরের কাছে উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মীজানুর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজমেরী এসএ ইসলাম, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. আব্বাস উদ্দিন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল বাশার, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুর রশীদ, আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. শাহনাজ হক হুসেইন, প্রযুক্তি ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শাহেদা রফিক।
সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, রাশেদ খান মেনন এমপি, মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক ভিসি অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী, অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. এসএমএ ফায়েজ, অধ্যাপক আফম ইউসুফ হায়দার, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. এম শমসের আলী, ভাষাসৈনিক আবদুল মতিন প্রমুখ।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?